ইরানি জেলে নিহত: তুর্কমেনিস্তানের কাছে ব্যাখ্যা চাইল তেহরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
কাস্পিয়ান সাগরে দুই ইরানি জেলেকে গুলি করে হত্যা করার কারণে তুর্কমেনিস্তান সরকারের কাছে ‘অবিলম্বে’ ব্যাখ্যা চেয়েছে তেহরান।
মঙ্গলবার রাতে কাস্পিয়ান সাগরে ইরান-তুর্কমেন পানিসীমার কাছে ইরানি মাছধরার নৌকা লক্ষ্য করে তুর্কমেনিস্তানের সীমান্তরক্ষী বাহিনী গুলি চালালে দুই ইরানি জেলে নিহত হয়। এ সময় অপর দুই জেলেকে ধরে নিয়ে যায় তুর্কমেন সেনারা।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এ সম্পর্কে বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, “আমরা ইরানি মাছধরার নৌকা লক্ষ্য করে তুর্কমেন সীমান্তরক্ষী বাহিনীর গুলিবর্ষণের হঠকারি পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
কাসেমি বলেন, ওই দুঃখজনক ঘটনা প্রকাশিত হওয়ার পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তুর্কমেনিস্তানস্থ ইরান দূতাবাস তুর্কমেন সরকারের সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে কড়া প্রতিবাদ জানিয়েছে। সেইসঙ্গে দেশটির পক্ষ থেকে এ ঘটনার যুক্তিপূর্ণ ব্যাখ্যা দাবি করা হয়েছে।
কাসেমি আরো বলেন, ইরানি মাছধরার নৌকা যদি তুর্কমেন পানিসীমায় ঢুকে পড়েও থাকে তাহলেও আন্তর্জাতিক পানিসীমার প্রচলিত ধারা অনুযায়ী তুর্কমেন সীমান্তরক্ষীরা নৌকাটিকে তাড়িয়ে দিতে পারত।
ক্যাভিয়ার, গ্যাস ও তেলসমৃদ্ধ কাস্পিয়ান সাগরের ওপর ইরান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, কাজাখস্তান ও রাশিয়ার মালিকানা রয়েছে। বিশ্বের বৃহত্তম হ্রদ হিসেবে পরিচিত কাস্পিয়ান সাগরে এসব দেশের নির্ধারিত পানিসীমা রয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩