ইরানের রাজনৈতিক সমাধানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রিয়াদ: জারিফ
-
মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ ইয়েমেনের চলমান সংকট রাজনৈতিক উপায়ে সমাধানের প্রস্তাব দেয়া সত্ত্বেও সৌদি আরব তা প্রত্যাখ্যান করেছে।
বিবিসি আরবি’কে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি। জারিফ বলেন, “২০১৩ সালে ইয়েমেন সংকটের শুরুতে আমি সাবেক সৌদি পররাষ্ট্রমন্ত্রী সৌদ আল ফয়সালকে চিঠি লিখে তেহরান ও রিয়াদের যৌথ প্রচেষ্টায় এ সংকট সমাধানের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তিনি সে প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, আরব বিশ্বের অভ্যন্তরীণ বিষয়ে তেহরানের কিছু করার প্রয়োজন নেই।”
জারিফ বলেন, বলপ্রয়োগ করে দু’দিনের মধ্যে ইয়েমেন সংকটের সমাধান করে ফেলা সম্ভব হবে- এমন ভুল ধারণার কারণে সৌদি আরব ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইয়েমেন সংকট সমাধানের একমাত্র উপায় হচ্ছে সেদেশের বিভিন্ন পক্ষের মধ্যে সংলাপের আয়োজন করা। সে সংলাপ অনুষ্ঠানে সহায়তা করতে তেহরান সব সময় প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চালিয়ে আসছে সৌদি আরব। দেশটির জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনকে দমন এবং সাবেক সৌদিপন্থি প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে আবার ক্ষমতায় বসানোর লক্ষ্যে এ হামলা শুরু করেছিল রিয়াদ। কিন্তু তিন বছরেরও বেশি সময় ধরে হামলা চালিয়ে অন্তত ১২ হাজার নিরপরাধ মানুষকে হত্যা করা ছাড়া অন্য কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি রাজতান্ত্রিক সৌদি প্রশাসন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯