১৬ দায়েশ (আইএস) নারীর ইরান প্রত্যাবর্তন ও বিচার
-
আব্বাস জাফারি দৌলতাবাদি
সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশে (আইএস) যোগ দেয়ার অপরাধে ১৬ ইরানি নারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। তেহরানের সরকারি কৌঁসুলি আব্বাস জাফারি দৌলতাবাদি এ খবর জানিয়েছেন।
তিনি বলেছেন, এসব নারী ২০১৪ সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে সিরিয়ায় গিয়ে জঙ্গি গোষ্ঠী দায়েশে যোগ দেয় এবং সন্ত্রাসী কার্যক্রমের প্রশিক্ষণ নেয়। সেখানে তারা বেশ কিছু জঙ্গি অভিযানও পরিচালনা করে।
এসব নারী জঙ্গিকে সিরিয়া থেকে ইরানে ফেরার সময় বিমানবন্দর থেকে আটক করা হয়। সিরিয়ায় দায়েশের পতনের পর তারা নিজ দেশে ফিরে আসছিল।
দৌলতাবাদি জানান, এসব নারী দায়েশের কাছ থেকে গ্রহণ করা প্রায় ৭২ হাজার ডলার অর্থ নিয়ে ইরানে ফিরেছিল। আদালতের নির্দেশে এসব অর্থ জব্দ করা হয়েছে। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার লক্ষ্যে এসব নারীর ছবি প্রকাশ করেনি ইরানের বিচার বিভাগ।
ইরানের নিরাপত্তা বাহিনী এর আগেও সিরিয়া ও ইরাকে তৎপর জঙ্গি গোষ্ঠী দায়েশ সদস্যদের আটক করেছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ডি বাহিনী- আইআরজিসি গত জানুয়ারিতে জানিয়েছিল, দেশের পশ্চিম সীমান্ত দিয়ে ইরানে প্রবেশকারী একদল দায়েশ সদস্যকে তারা আটক করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইআরজিসি’র নাজাফ ঘাঁটির জওয়ানরা দায়েশের ২১ সদস্যের বিরুদ্ধে অভিযান চালান। এ সময় সংঘর্ষে পাঁচ সন্ত্রাসী নিহত হয় ও বাকি ১৬ জন ধরা পড়ে।
এ ছাড়া, ২০১৭ সালের জুন মাসেও ইরানের বিভিন্ন ধর্মীয় স্থাপনায় হামলা চালানোর প্রস্তুতি নেয়ার সময় বেশ কিছু দায়েশ জঙ্গিকে আটক করে ইরানের নিরাপত্তা বাহিনী।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭