আমেরিকাকে কেউ আর বিশ্বাস করতে পারবে না: আইআরজিসি প্রধান
-
মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, আমেরিকা যে বিশ্বাসঘাতক তা এখন বিশ্বের সবার কাছে পরিষ্কার। দেশটিকে কেউ আর বিশ্বাস করতে পারবে না। আজ (রোববার) তেহরানে স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজ'র এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আলী জাফারি আরও বলেছেন, আমেরিকা বিশ্বব্যাপী রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে হস্তক্ষেপের মাধ্যমে নিজের স্বার্থ নিশ্চিত করার পাশাপাশি শক্তি বাড়ানোর চেষ্টা করছে। বিশ্বের বঞ্চিত তথা সাধারণ মানুষের কোনো গুরুত্ব আমেরিকার কাছে নেই।
আমেরিকা শয়তানি ও প্রতারণায় পারদর্শী বলে তিনি মন্তব্য করেন। আইআরজিসির প্রধান বলেন, ইসলামি বিপ্লবের চল্লিশতম বছরে শত্রুরা ইরানের বিরুদ্ধে আর্থ-রাজনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে হুমকি সৃষ্টি করছে। ইরানি জনগণের দৃঢ়তা ও প্রতিরোধ ভাঙতেই আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।
মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, প্রতিরোধমূলক অর্থনীতিই হচ্ছে শত্রুদের হুমকি মোকাবেলার একমাত্র পথ।
গত ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ধরণের প্রতিশ্রুতি লঙ্ঘন করে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৩