ইন্দোনেশিয়ায় সন্ত্রাসী হামলার নিন্দা করেছে ইরান
-
বাহরাম কাসেমি
ইন্দোনেশিয়ার সুরাবাইয়া শহরে গতকাল (রোববার) তিনটি গির্জায় যে বোমা হামলার ঘটনা ঘটেছে তার নিন্দা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। একইসঙ্গে দেশটির সরকার ও জনগণ বিশেষ করে হামলার শিকার লোকজনের পরিবার ও স্বজনদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ঠাণ্ডা মাথায় যেকোনো গোষ্ঠীর পক্ষ থেকে সন্ত্রাসী কার্যক্রম চালানো হোক না কেন তা নিন্দার যোগ্য। এ ধরনের অমানবিক কাজ প্রতিরোধ করার একমাত্র উপায় হচ্ছে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ঐক্য, দৃঢ়তা ও প্রচেষ্টা জোরদার করা।
গতকাল ইন্দোনেশিয়ার সুরাবাইয়া শহরের তিনটি গির্জায় বোমা হামলায় অন্তত নয়জন নিহত ও ৪০ জন আহত হয়। পূর্ব জাভার পুলিশ মুখপাত্র ফ্রান্স বারুন মাঙ্গেরা জানিয়েছেন, ১০ মিনিটের ব্যবধানে এসব প্রাণঘাতী হামলা হয়। তিনি সাংবাদিকদের বলেন, আহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা রয়েছেন।
ইন্দোনেশিয়ার গোয়েন্দা সংস্থা বলেছে, সম্ভবত উগ্রবাদী দায়েশ সন্ত্রাসীরা এসব হামলা চালিয়েছে। দেশটিতে দায়েশের সঙ্গে সম্পর্কযুক্ত জামাহ আনসারুদ্দৌলা নামে একটি সংগঠন রয়েছে এবং দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় এর শত শত সমর্থক রয়েছে। তবে এখন পর্যন্ত হামলার দায়িত্ব কেউ স্বীকার করে নি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪