সিরিয়াসহ প্রতিরোধকামী শক্তিকে সহায়তা দেয়া অব্যাহত থাকবে: ইরান
-
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, তার দেশ সিরিয়ার সেনাবাহিনীর জন্য পরামর্শমূলক ভূমিকা পালন করে যাবে এবং প্রতিরোধকামী শক্তিগুলোকে সহায়তা দেয়া অব্যাহত রাখবে। তেহরানের এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে আমেরিকার পক্ষ থেকে দাবি জানানোর পর শামাখানির এ বক্তব্য এলো।
গতকাল (শনিবার) আলী শামখানি বলেন, "সিরিয়ায় যতদিন পর্যন্ত উগ্র সন্ত্রাসীদের অস্তিত্ব থাকবে এবং দেশটির বৈধ ও নির্বাচিত সরকার ইরানের পরামর্শ গ্রহণ করার অনুমোদন দেবে ততদিন পর্যন্ত সেখানে আমাদের উপস্থািতি বজায় রাখব।" দোহা ভিত্তিক আল-জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে শামখানি বলেন, সিরিয়ার বৈধ সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে দেশটিতে তৎপর সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্য নিয়েই কেবল তার দেশ সিরিয়ায় অবস্থান করছে।
গত সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তেহরানের জন্য ১২টি শর্ত বেধে দিয়ে হুমকি দেন যে এসব শর্ত না মানা হলে ইরানের ওপর এ যাবৎকালের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এসব শর্তের মধ্যে সিরিয়া থেকে সব ইরানি সেনাদের ফিরিয়ে নেয়ার বিষয়টিও রয়েছে।
এছাড়া, শামখানি তেহরানের ওপর চাপিয়ে দেয়া অন্যান্য শর্ত যেমন ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ স্থগিত রাখা, ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি বন্ধ করা এবং দেশের সবগুলো পরমাণু স্থাপনা পরিদর্শনের জন্য পর্যবেক্ষকদের অনুমতি দেয়া ইত্যাদি সবগুলো শর্ত প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, "ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি। নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য আমরা কারো কাছ থেকে অনুমতি নেব না এবং এ বিষয়ে কোনো আলোচনাও করব না।"#
পার্সটুডে/বাবুল আখতার/২৭