বিভিন্ন গ্রুপের কাছে ইরান অস্ত্র পাঠাচ্ছে বলে আমেরিকার অভিযোগ ও বাস্তবতা
https://parstoday.ir/bn/news/iran-i59667-বিভিন্ন_গ্রুপের_কাছে_ইরান_অস্ত্র_পাঠাচ্ছে_বলে_আমেরিকার_অভিযোগ_ও_বাস্তবতা
জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি দাবি করেছেন, ইরান নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করে চলেছে। তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতিবেদন উদ্ধৃত করে আরো দাবি করেছেন, এই প্রতিবেদন থেকে বোঝা যায়, ইরান মধ্যপ্রাচ্যের সব জায়গায় অস্ত্র পাঠাচ্ছে যা কিনা নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
জুন ২৮, ২০১৮ ১৪:০৬ Asia/Dhaka

জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি দাবি করেছেন, ইরান নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করে চলেছে। তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতিবেদন উদ্ধৃত করে আরো দাবি করেছেন, এই প্রতিবেদন থেকে বোঝা যায়, ইরান মধ্যপ্রাচ্যের সব জায়গায় অস্ত্র পাঠাচ্ছে যা কিনা নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন।

পরমাণু সমঝোতা থেকে আমেরিকা এক তরফাভাবে বেরিয়ে যাওয়ায় এবং ওয়াশিংটন নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন অব্যাহত রাখায় এর বিরুদ্ধে যখন সারা বিশ্ব ঐক্যবদ্ধ তখন ইরানের বিরুদ্ধে মার্কিন এসব অভিযোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮মে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর ইউরোপসহ সারা বিশ্বের দেশগুলো ট্রাম্পের এ পদক্ষেপের তীব্র বিরোধিতা ও সমালোচনা করেছে। পরমাণু সমঝোতার সঙ্গে যুক্ত ইউরোপের তিনটি প্রভাবশালী দেশ অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এ চুক্তি টিকিয়ে রাখার জন্য ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। রাশিয়া ও চীনও পরমাণু সমঝোতার প্রতি সমর্থন জানিয়ে এটি বাতিলের পরিণতির ব্যাপারে হুশিয়ার করে দিয়েছে।

জাতিসংঘে নিযুক্ত ব্রিটেনের প্রতিনিধি কারেন পিয়ার্স বলেছেন, "ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পরমাণু অস্ত্র বিস্তার রোধে গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরমাণু সমঝোতায় ভালো কাজ হচ্ছিল এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ'র প্রতিবেদনে স্বীকার করা হয়েছে চুক্তি অনুযায়ী ইরান তার প্রতিশ্রুতি পুরোপুরি মেনে চলছে।" 

জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব যদিও বলেছেন, পরমাণু সমঝোতায় ইরান তার প্রতিশ্রুতি পুরোপুরি মেনে চলছে। কিন্তু তারপরও তার বক্তব্যের অন্য অংশের উদ্ধৃতি দিয়ে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও অস্ত্র সরবরাহ সংক্রান্ত জাতিসংঘের ২২৩১ নম্বর প্রস্তাব ইরান লঙ্ঘন করছে বলে আমেরিকা অভিযোগ করেছে। এদিকে, রাশিয়া গুতেরেসের প্রতিবেদনের সমালোচনা করে বলেছে, তার উচিত ছিল ইরান বিরোধী নিষেধাজ্ঞা বলবত করাসহ আমেরিকা যেভাবে ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করে চলেছে সে ব্যাপারে কঠোর প্রতিক্রিয়া জানানো। কিন্তু তা না করে গুতেরেস মার্কিন অন্যায় কর্মকাণ্ডের ব্যাপারে কেবল দুঃখ প্রকাশ করে দায়িত্ব শেষ করেছেন। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নিবেনজিয়া বলেছেন, খুবই আশ্চর্যের ব্যাপার হচ্ছে জাতিসংঘ মহাসচিব তার প্রতিবেদনে ইরানের বিরুদ্ধে আমেরিকার অন্যায় নিষেধাজ্ঞার ব্যাপারে কোনো কথাই বলেননি।

পর্যবেক্ষকরা বলছেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে ইউরোপসহ অন্য দেশের চাপ ও সমালোচনার মাত্রা কমিয়ে আনার জন্য পাল্টা ইরানের বিরুদ্ধে জাতিসংঘের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘনের অভিযোগ তুলেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন গ্রুপের কাছে ইরান অস্ত্র পাঠাচ্ছে বলে জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি যে অভিযোগ করেছেন তার জবাবে ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধারা বারবার বলেছে তারা ইরানের কাছ থেকে কোনো অস্ত্র পায় না।

বাস্তবতা হচ্ছে, আমেরিকা নিজেই জাতিসংঘের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করে গত তিন বছর ধরে সৌদি আরবকে অস্ত্র দিয়ে ইয়েমেনের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়ে আসছে। তাই নিজের অপকর্ম ঢাকার জন্যই আমেরিকা পাল্টা ইরানের বিরুদ্ধে এসব অভিযোগ তুলেছে।#           

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৮