ইরান সফরে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
-
উ. কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো (বামে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরান সফরে গেছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো। তিনি আজ (মঙ্গলবার) তেহরান পৌঁছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতে দু দেশে মধ্যকার বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন দুই মন্ত্রী। পাশাপাশি এ সম্পর্ক আরো বাড়ানোর কথা বলেন তারা। সাক্ষাতে ইরান ও উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় স্বার্থসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।
প্রেসিডেন্ট হাসান রুহানির দ্বিতীয় মেয়াদে এটা উত্তর কোরিয়ার শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম সফর। এছাড়া, উত্তর কোরিয়ার নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিঙ্গাপুরে বৈঠক হওয়ার পর পিয়ংইয়ংয়ের কোনো গুরুত্বপূর্ণ কর্মকর্তার এটা ইরানে প্রথম সফর। এ সফরের জন্য উত্তর কোরিয়ার পক্ষ থেকে অনুরোধ ছিল।
চলতি বছর উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো রাশিয়া, চীন, আজারবাইজান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান ও সুইডেন সফর করেন।#
পার্সটুডে/এসআইবি/৭
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন