তেহরানে রি-লারিজানি বৈঠক: সম্পর্ক জোরদারে প্রত্যয় ব্যক্ত
-
ইরানের স্পিকারের সঙ্গে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো বলেছেন, ইরানের সঙ্গে তার দেশের সব সময় অত্যন্ত আন্তরিক এবং দীর্ঘ দিনের সম্পর্ক রয়েছে। দুই দেশই যখন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপের মুখে রয়েছে তখন তেহরান-পিয়ংইয়ংয়ের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন তিনি।
আজ (বৃহস্পতিবার) ইরানের সংসদ স্পিকার আলী লারিজানির সঙ্গে বৈঠকে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি বলেন, ইরান ও উত্তর কোরিয়া দীর্ঘ সময় থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভোগ করে আসছে। এছাড়া, মার্কিন নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট অভিন্ন সমস্যা দু'দেশই যখন মোকাবেলা করছে যখন তেহরান-পিয়ংইয়ংয়ের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। উত্তর কোরিয়ার দুর্দিনে পিয়ংইয়ংয়ের পাশে দাঁড়ানোর জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানকে আন্তরিক ধন্যবাদ জানান রি।
এছাড়া, আমেরিকার সঙ্গে তার দেশের সাম্প্রতিক আলোচনা এবং চুক্তি প্রসঙ্গে উত্তর কোরিয়ার এ শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, কোরিয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে পিয়ংইয়ংয়ের দৃঢ় সমর্থন রয়েছে। তবে ওয়াশিংটন উত্তর কোরিয়ার বিরুদ্ধে তার বিদ্বেষী নীতি পরিহার না করলে পিয়ংইয়ং কখনোই তার পরমাণু প্রযুক্তি ত্যাগ করবে না বলে স্পষ্ট জানিয়ে দেন রি।
বৈঠকে লারিজানি উত্তর কোরিয়ার সঙ্গে তার দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন। একইসঙ্গে আন্তর্জাতিক চুক্তির বিষয়ে প্রতিশ্রুতি রক্ষা না করার বিষয়ে ওয়াশিংটনকে সতর্ক করে দেন ইরানের এ কর্মকর্তা।#
পার্সটুডে/বাবুল আখতার/৯
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন