‘পাকিস্তানের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে সম্পর্ক শক্তিশালী করতে চায় ইরান’
-
শুক্রবার দু\\\'দেশের পররাষ্ট্রমন্ত্রীরা নিজ নিজ প্রতিনিধিদলসহ বৈঠক করেন
ইসলামাবাদ সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে কোনো সীমারেখা মানবে না। তিনি আজ (শুক্রবার) পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেইশির সঙ্গে সাক্ষাতে এ প্রত্যয় ব্যক্ত করেন।
জারিফ বলেন, পাকিস্তান মুসলিম বিশ্বের একটি প্রভাবশালী দেশ এবং ইরান তার পূর্বদিকের এই প্রতিবেশী দেশকে অত্যন্ত গুরুত্ব দেয়। তৃতীয় কোনো দেশ পাকিস্তান-ইরান সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, দু’দেশের সীমান্তে নিরাপত্তা শক্তিশালী করা, (ইরানের) চবাহার ও (পাকিস্তানের) গোয়াদর বন্দরে পারস্পরিক সহযোগিতা বাড়ানো, সীমান্ত বাজারগুলোকে শক্তিশালী করা, ব্যাংকিং খাতে সহযোগিতা এবং পরস্পরের পণ্যে শুল্ক নির্ধারণের ব্যাপারে একটি অভিন্ন নীতিমালা প্রণয়ন করা জরুরি।
সাক্ষাতে শাহ মেহমুদ কুরেশি ইরান-পাকিস্তান সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের মধ্যকার সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে হবে। মুসলিম বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধানেও তেহরান-ইসলামাবাদ সম্পর্ক জরুরি বলে তিনি মন্তব্য করেন।
পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে জারিফ পাকিস্তানের সেনপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও সংসদ স্পিকার আসাদ কায়সারের সঙ্গে সাক্ষাৎ করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের নয়া সরকারের সঙ্গে তেহরানের সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে ইসলামাবাদ পৌঁছান। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩১