‘ইরান সীমান্তের ২,০০০ কিলোমিটারের মধ্যে সন্ত্রাসীরা নিরাপদ নয়’
https://parstoday.ir/bn/news/iran-i64268-ইরান_সীমান্তের_২_০০০_কিলোমিটারের_মধ্যে_সন্ত্রাসীরা_নিরাপদ_নয়’
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, তার দেশের সীমান্তের দুই হাজার কিলোমিটারের মধ্যে সন্ত্রাসীদের কোনো ঘাঁটি নিরাপদ নয় এবং ইরাকের কুর্দিস্তানে অবস্থিত সন্ত্রাসীদের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জঙ্গিদেরকে সে বার্তাই দেয়া হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০১৮ ০২:৫৪ Asia/Dhaka
  • জেনারেল মোহাম্মাদ আলী জাফারি
    জেনারেল মোহাম্মাদ আলী জাফারি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, তার দেশের সীমান্তের দুই হাজার কিলোমিটারের মধ্যে সন্ত্রাসীদের কোনো ঘাঁটি নিরাপদ নয় এবং ইরাকের কুর্দিস্তানে অবস্থিত সন্ত্রাসীদের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জঙ্গিদেরকে সে বার্তাই দেয়া হয়েছে।

জেনারেল জাফারি বৃহস্পতিবার রাতে লেবাননের আল-মানার টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, শত্রু  ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জেনে রাখা উচিত ইরানের ক্ষেপণাস্ত্র অত্যন্ত নিখুঁতভাবে শত্রুর অবস্থানে আঘাত হানে এবং ইরান সীমান্তের দুই হাজার কিলোমিটারের মধ্যে কোনো স্থানেই তারা নিরাপদ নয়।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি গত শনিবার ইরাকের উত্তরাঞ্চলে সন্ত্রাসীদের একটি ঘাঁটিতে স্বল্পপাল্লার সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। প্রায় ২২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসব ক্ষেপণাস্ত্র সন্ত্রাসীদের ঘাঁটিতে সঠিকভাবে আঘাত হানে। 

ওই ঘাঁটিতে সন্ত্রাসী কমান্ডাররা যখন বৈঠক করছিল ঠিক তখন ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে। হামলায় সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস এবং তাদের বহু জঙ্গি হতাহত হয়।

আইআরজিসি’র কমান্ডার এ সম্পর্কে আরো বলেন, এরপর সন্ত্রাসীরা আবার ইরান সীমান্তে হানা দেয়ার চেষ্টা করলে তেহরানের পরবর্তী প্রতিক্রিয়া হবে আরো ভয়ঙ্কর। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪