অতীত ভুলের প্রায়শ্চিত্ত করলে আমেরিকার সঙ্গে আলোচনা সম্ভব: রুহানি
-
প্রেসিডেন্ট হাসান রুহানি
আমেরিকা ইরানের তেল বিক্রি বন্ধ করে দেয়ার যে চেষ্টা চালাচ্ছে সে সম্পর্কে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, এই পরিকল্পনা বাস্তবায়নযোগ্য নয় বরং এটি বাস্তবায়ন করতে গেলে নানামুখী বিপদ তৈরি হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে প্রেসিডেন্ট রুহানি বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন। সেখানে তিনি সোমবার আমেরিকার গণমাধ্যমের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে একথা বলেন। তিনি ইরানের ব্যাপারে অন্যায় আচরণ থেকে সরে আসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান।
হাসান রুহানি বলেন, ট্রাম্প বিনা কারণে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নিয়ে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ট্রাম্প ইরানের অভ্যন্তরীণ বিষয়েও হস্তক্ষেপ করছেন উল্লেখ করে রুহানি বলেন, যেকোনো আলোচনার আগে এসব অন্যায় আচরণ বন্ধ করতে হবে।

ইরানের সঙ্গে আলোচনায় বসার মার্কিন প্রস্তাব সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট রুহানি বলেন, মার্কিন সরকার যদি সততার সঙ্গে তার অতীত ভুলের প্রায়শ্চিত্ত করে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি ঘটাতে চায় তাহলে ইরান আলোচনার ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
ইরানি জনগণের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞাকে বেআইনি ও নিষ্ঠুর উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা আমেরিকার ব্যাপারে ইরানি জনগণের দৃষ্টিভঙ্গিতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে। ঠিক এ কারণে ইরানে বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় ইরানি জনগণের মার্কিন বিরোধী স্লোগানের মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫