তেল বিক্রি শূণ্যের কোঠায় নামিয়ে আনতে পারবে না আমেরিকা: রুহানি
-
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি তার দেশের জনগণকে আশ্বস্ত করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে মার্কিন হুমকি মোকাবলায় তার সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। একইসঙ্গে তিনি বলেছেন, মার্কিন চাপের মুখে দেশের অর্থনৈতিক সমস্যা সমাধানে তার প্রশাসন প্রয়োজনীয় সবকিছুই করবে।
প্রেসিডেন্ট রুহানি বলেছেন, আগামী ৪ নভেম্বর ইরানের ওপর নতুন মাত্রায় মার্কিন আগ্রাসন শুরু হতে যাচ্ছে। এ সময় ইরানের জ্বালানী খাতের ওপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞা পূর্ণমাত্রায় পুর্নবহাল হতে যাচ্ছে। আজ (বুধবার) মন্ত্রীসভার সাপ্তাহিক অধিবেশনে দেয়া বক্তৃতায় রুহানি বলেন, ইরানি জনগণকে অত্যন্ত দৃঢ়ভাবে আশ্বস্ত করতে চাই যে আমেরিকার হুমকি মোকাবেলায় তার প্রশাসন মোটেও ভীত নয়।
রুহানি বলেন, এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ আমাদের কাছে এই নিশ্চয়তার বার্তা পাঠিয়েছে যে, তারা তেহরানের পাশে থাকার পাশাপাশি ইরানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে। প্রেসিডেন্ট রুহানি বলেন, "আমরা নিশ্চিত যে ইরানের বিরুদ্ধে আমেরিকার নতুন ষড়যন্ত্র ব্যর্থ হবে এবং চূড়ান্তভাবে তারা পিছু হটবে।"
রুহানি আমেরিকার কর্মকর্তাদের হুমকির প্রতি ইঙ্গিত করে বলেন, তারা প্রথমে দাবি করেছিল যে, তারা ইরানের তেল বিক্রি প্রথম দফায়ই শূণ্যের কোঠায় নামিয়ে আনবে। এখন সেই অবস্থান থেকে সরে গিয়ে তারা বলছেন, এ প্রক্রিয়া সফল করতে আরো দুই থেকে তিন মাস সময় লাগবে। তিনি বলেন, "আমরা তাদেরকে বলতে চাই যে, ইরানের তেল বিক্রি বিষয়ে আপনাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আপনারা তেল বিক্রি শূণ্যের কোঠায় তো নামিয়ে আনতে পারবেনই না এমনকি তেল বিক্রির মাত্রাও কমাতে সক্ষম হবেন না।#
পার্সটুডে/বাবুল আখতার/৩১
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন