অবিলম্বে এসপিভি চালু করুন: ইউরোপীয় ইউনিয়নকে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i66200-অবিলম্বে_এসপিভি_চালু_করুন_ইউরোপীয়_ইউনিয়নকে_ইরান
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ইউরোপীয় দেশগুলো ইরানের ওপর মার্কিন চাপ কমানোর যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করতে ব্যর্থ হলে পরমাণু সমঝোতা মারাত্মক বিপদের সম্মুখীন হতে পারে। তিনি বুধবার ব্রাসেলসে বেলজিয়ামের উপ পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো প্লোভিমের সঙ্গে এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৯, ২০১৮ ০৬:৪৩ Asia/Dhaka
  • সাইয়্যেদ আব্বাস আরাকচি
    সাইয়্যেদ আব্বাস আরাকচি

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ইউরোপীয় দেশগুলো ইরানের ওপর মার্কিন চাপ কমানোর যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করতে ব্যর্থ হলে পরমাণু সমঝোতা মারাত্মক বিপদের সম্মুখীন হতে পারে। তিনি বুধবার ব্রাসেলসে বেলজিয়ামের উপ পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো প্লোভিমের সঙ্গে এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আরাকচি বলেন, গত মে মাসে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ওই সমঝোতার আলোকে ইরানকে প্রয়োজনীয় অর্থনৈতিক সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ইইউ’র ওই প্রতিশ্রুতির কারণে ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায়নি বলে তিনি উল্লেখ করেন। ইইউ নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হলে পরমাণু সমঝোতার ভবিষ্যত বিপন্ন হবে বলে তিনি মন্তব্য করেন।

ইইউ বর্তমানে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের সঙ্গে অর্থনৈতিক লেনদেন চালু রাখার জন্য একটি বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে। কয়েকমাস আগে এই প্রচেষ্টা শুরু হলেও এখনো ইউরোপীয় দেশগুলো এসপিভি নামের ওই অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে পারেনি যা ইরানকে ক্ষুব্ধ করে তুলেছে।

আরাকচি বুধবার ইউরোপীয় দেশগুলোকে অবিলম্বে ‘স্পেশাল ভেহিকেল পারপাস’ বা এসপিভি চালু করার আহ্বান জানিয়েছেন। সাক্ষাতে বেলজিয়ামের উপ পররাষ্ট্রমন্ত্রী প্লোভিম বলেন, অচিরেই এসপিভি চালু করা যাবে বলে ইউরোপীয় দেশগুলো আশা করছে। যেকোনো মূল্যে ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করতে হবে বলেও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯