ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে কারো অনুমতি নেবে না ইরান: সিনিয়র কমান্ডার
-
ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি
আমেরিকার বিদ্বেষী আচরণ সত্ত্বেও ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন ও পরীক্ষা চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেছে। ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি এ ঘোষণা দিয়েছেন।
তিনি রোববার তেহরানে বলেছেন, “ইরানের সামগ্রিক প্রতিরক্ষা নীতির আলোকে ক্ষেপণাস্ত্র পরীক্ষাসহ অন্যান্য সমরাস্ত্রের সক্ষমতা শক্তিশালী করা হচ্ছে। আমরা ক্ষেপণাস্ত্র উৎপাদন ও পরীক্ষা চালিয়ে যাব।”
জেনারেল শেকারচি বলেন, “এটি আমাদের জাতীয় নিরাপত্তার বিষয় বলে যেকোনো ধরনের আলোচনার কাঠামো থেকে এ বিষয়টিকে বাইরে রাখতে হবে। আমরা প্রতিরক্ষা নীতিতে অন্য কোনো দেশের কাছ থেকে অনুমতি নেব না।”
ইরানের সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র বলেন, প্রতিবেশী দেশগুলোকে তেহরান এই বলে আশ্বস্ত করেছে যে, সেসব দেশের প্রতি আগ্রাসন চালানোর কোনো অভিপ্রায় ইরানের নেই। শুধুমাত্র আত্মরক্ষার জন্য প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করছে তেহরান।
ইরানের মধ্যম-পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে অভিযোগ করেছেন তার প্রতিক্রিয়ায় দৃশ্যত জেনারেল শেকারচি এসব কথা বলেন।
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুমোদন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাব পাস হয়েছিল। স্বাভাবিকভাবেই ওই প্রস্তাবে ইরানের পরমাণু কর্মসূচিকে অন্তর্ভুক্ত করা হয়েছে; ক্ষেপণাস্ত্র কর্মসূচি নয়।
ইরান বারবার বলে আসছে, দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ২২৩১ নম্বর প্রস্তাবের অন্তর্ভুক্ত করা হয়নি। মার্কিন সরকারই বরং উল্টো পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে নিরাপত্তা পরিষদের ওই প্রস্তাব লঙ্ঘন করেছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩