‘২২৩১ নম্বর প্রস্তাবে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিষিদ্ধ হয়নি’
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিষিদ্ধ করা হয়নি। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
কাসেমি বলেন, ২২৩১ নম্বর প্রস্তাবের অপব্যাখ্যা করে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা দায়িত্বজ্ঞানহীনতা ছাড়ার আর কিছু নয়। ফ্রান্স সরকার ইরানের পরমাণু সমঝোতা-বিরোধীদের এ ধরনের ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করা থেকে বিরত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যাগনেস ভন ডার মুহল সম্প্রতি দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের সঙ্গে বেমানান।
২০১৫ সালের জুলাই মাসে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুমোদন করে ওই মাসেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাব পাস হয়। প্রস্তাবে পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র নির্মাণ করতে ইরানকে নিষেধ করা হলেও তেহরানের প্রচলিত ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো কথা বলা হয়নি।
এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাসেমি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ আত্মরক্ষামূলক, প্রচলিত ও আইনসম্মত; কাজেই এই কর্মসূচি চালিয়ে যাওয়ার পূর্ণ স্বাধীনতা তেহরানের রয়েছে। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২