শেখ সালমানের যাবজ্জীবন বহাল রাখার তীব্র নিন্দা জানাল ইরান
-
আল-ওয়েফাকের নেতা শেখ আলী সালমান
বাহরাইনের সুপ্রিম কোর্ট সেদেশের সবচেয়ে বড় রাজনৈতিক জোট আল-ওয়েফাকের নেতা শেখ আলী সালমানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখার যে নির্দেশ দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এক বিবৃতিতে বলেছেন, বাহরাইনের সর্বোচ্চ আদালতের এই ‘নিষ্ঠুর’ রায় প্রমাণ করে, দেশটির আলে খলিফা সরকার বিরোধীদলের কণ্ঠ স্তব্ধ করে দেয়ার সব রকম আয়োজন সম্পন্ন করেছে; আর এ কাজে মানামাকে সাহায্য করছে কিছু আঞ্চলিক ও পশ্চিমা দেশ।
কাতারের পক্ষে গোয়েন্দাগিরি করার কথিত অভিযোগে গত নভেম্বর মাসে শেখ সালমান ও জোটের অন্য দুই নেতা শেখ হাসান সুলতান ও আলী আল-আসওয়াদকে যাজ্জীবন কারাদণ্ড দেয় বাহরাইনের আদালত। রায়ের বিরুদ্ধে তারা আপিল করলে গত সোমবার সেই রায় বহাল রাখার আদেশ দেয় সুপ্রিমকোর্ট।সর্বোচ্চ আদালতের এই রায়ের বিরুদ্ধে আর কোনো আপিল করা যাবে না।
তেহরানে মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে সরকার বিরোধী শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর বাহরাইন সরকারের কঠোর দমন অভিযানের নিন্দা জানান বাহরাম কাসেমি। তিনি বলেন, আমেরিকা বাহরাইন সরকারের কাছে সমরাস্ত্র বিক্রির জন্য মানামার অপরাধযজ্ঞকে নীরবে সহ্য করছে এবং এই অপরাধ চালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য বিদেশ নির্ভরতা বাদ দিয়ে দেশের প্রকৃত জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে চলমান সংকট সমাধানের জন্য বাহরাইন সরকারকে পরামর্শ দিয়েছেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০