নেতানিয়াহুর কল্পনাবিলাস সবার সামনে প্রকাশ হয়ে পড়েছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i68093-নেতানিয়াহুর_কল্পনাবিলাস_সবার_সামনে_প্রকাশ_হয়ে_পড়েছে_ইরান
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার যে বাসনা প্রকাশ করেছেন তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০১৯ ০৪:০২ Asia/Dhaka
  • বেনিয়ামিন নেতানিয়াহু
    বেনিয়ামিন নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার যে বাসনা প্রকাশ করেছেন তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

তিনি বুধবার রাতে এক টুইটার বার্তায় লিখেছেন, নেতানিয়াহুর অলীক কল্পনাবিলাস সম্পর্কে ইরান সম্যক অবহিত। এবার “ওয়ারশ’ সার্কাসে” অংশগ্রহণকারী অন্যান্য দেশও এ সম্পর্কে ধারনা লাভ করেছে।  

পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’তে বুধবার থেকে দু’দিনব্যাপী যে ইরান-বিরোধী সম্মেলন শুরু হয়েছে তাকে “ওয়ারশ’ সার্কাস” বলে অভিহিত করেন জারিফ।

মোহাম্মাদ জাওয়াদ জারিফ

এর আগে বুধবার ওয়ারশ’ সম্মেলনে অংশগ্রহণকারী নেতানিয়াহু এক টুইটার বার্তায় বলেন, তিনি এ সম্মেলনে আরব নেতাদের সঙ্গে ইরানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ করার উপায় নিয়ে আলোচনা করবেন। তবে এর কিছুক্ষণ পর তার এ বার্তার ভাষা পরিবর্তন করা হয় এবং নেতানিয়াহুর মুখপাত্র বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী আসলে ইরানকে প্রতিহত করার কথা বোঝাতে চেয়েছেন; ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলতে চাননি।

নেতানিয়াহু এমন সময় ওয়ারশ’ সম্মেলনকে ইরান-বিরোধী সম্মেলন হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করলেন যখন আন্তর্জাতিক চাপের মুখে আমেরিকা ও পোল্যান্ড ঘোষণা করেছে, ইরানের বিরুদ্ধে আলোচনার জন্য নয় বরং মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। কিন্তু সম্মেলনের ঘোষিত বিষয়বস্তু পরিবর্তন করা হলেও খোদ ইউরোপীয় দেশগুলো হয় এই সম্মেলনে অংশ নেয়নি অথবা নিম্ন পর্যায়ের প্রতিনিধি পাঠিয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪