ভারতের সঙ্গে সংকট সমাধানে ইরানের সাহায্য চাইল পাকিস্তান
https://parstoday.ir/bn/news/iran-i68498-ভারতের_সঙ্গে_সংকট_সমাধানে_ইরানের_সাহায্য_চাইল_পাকিস্তান
শান্তিপূর্ণ উপায়ে ভারতের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনের উপায় খুঁজে বের করতে ইরানকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে তেহরানস্থ পাকিস্তান দূতাবাস।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মার্চ ০২, ২০১৯ ০২:০৯ Asia/Dhaka
  • তেহরানস্থ পাকিস্তান দূতাবাস (ফাইল ছবি)
    তেহরানস্থ পাকিস্তান দূতাবাস (ফাইল ছবি)

শান্তিপূর্ণ উপায়ে ভারতের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনের উপায় খুঁজে বের করতে ইরানকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে তেহরানস্থ পাকিস্তান দূতাবাস।

ওই দূতাবাস গতকাল (শুক্রবার) প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ভারত সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে দেশটির পক্ষ থেকে সন্ত্রাসবাদকে ব্যবহার করার বিষয়ে পাকিস্তান সব সময় নিজের উদ্বেগের কথা জানিয়ে এসেছে। বিশেষ করে ভারতে পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে দেশটির সরকার সন্ত্রাসবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, দুঃখজনকভাবে ভারত সরকার কোনো ধরনের তদন্ত কিংবা সাক্ষ্যপ্রমাণ ছাড়াই তাৎক্ষণিকভাবে সন্ত্রাসী হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে দিয়েছে।

এ পরিস্থিতিতে কাশ্মির সীমান্তে সৃষ্ট উত্তেজনা প্রশমনে ইরান ভূমিকা পালন করতে পারে বলে পাক দূতাবাসের বিবৃতিতে উল্লেখ করা হয়।

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামা জেলায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ভারতীয় আধা সামরিক বাহিনীর ৪৪ জওয়ান নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জইশি মোহাম্মাদ ওই হামলার দায়িত্ব স্বীকার করে। নয়াদিল্লি ওই হামলার জন্য পাকিস্তান সরকারকে দায়ী করলে দু’দেশের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

ভারত দু’দিন আগে পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করে বিমান হামলার মাধ্যমে জইশের প্রশিক্ষণ কেন্দ্র গুঁড়িয়ে দেয়ার দাবি করে জানায়, তাদের হামলায় ৩০০ থেকে সাড়ে ৩০০ জঙ্গি নিহত হয়েছে। তবে পাকিস্তান বিমান হামলার বিষয়টিই বেমালুম অস্বীকার করে।

ওই ঘটনার পরদিন কাশ্মির সীমান্তের পাকিস্তান অংশে গুলিতে একটি ভারতীয় বিমান ভূপাতিত এবং এর পাইলট আটক হন। দ্বিপক্ষীয় উত্তেজনা প্রশমনের লক্ষ্যে পাকিস্তান সরকার গতকাল (শুক্রবার) ওই পাইলটকে ভারতের কাছে হস্তান্তর করেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২