‘আমেরিকাকে বিশ্বাস করা যায় না’: ইরাক সফরে গিয়ে বললেন জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i68721-আমেরিকাকে_বিশ্বাস_করা_যায়_না’_ইরাক_সফরে_গিয়ে_বললেন_জারিফ
ইরাক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য আমেরিকা বাগদাদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে। কিন্তু এই প্রচেষ্টায় ওয়াশিংটন সফল হবে না। তিনি ইরান-ইরাক সম্পর্ককে ‘বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১০, ২০১৯ ০৬:৩৭ Asia/Dhaka
  • বাগদাদ পৌঁছে সাংবাদিকদের সঙ্গে বথা বলেন জারিফ
    বাগদাদ পৌঁছে সাংবাদিকদের সঙ্গে বথা বলেন জারিফ

ইরাক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য আমেরিকা বাগদাদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে। কিন্তু এই প্রচেষ্টায় ওয়াশিংটন সফল হবে না। তিনি ইরান-ইরাক সম্পর্ককে ‘বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন।

শনিবার একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে বাগদাদ পৌঁছেন জারিফ। সেখানে ইরাকের আল-ফোরাত টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোই এ অঞ্চলের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সক্ষম এবং নিরাপত্তা প্রতিষ্ঠার কাজে আমেরিকা বা অন্য কোনো বহিঃশক্তির প্রয়োজন নেই।

নিরাপত্তা প্রতিষ্ঠাসহ কোনো কাজে আমেরিকা নির্ভরযোগ্য কোনো পক্ষ নয় বলে জানান মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি এক্ষেত্রে ইরানের পরমাণু সমঝোতা থেকে ওয়াশিংটনের বেরিয়ে যাওয়ার ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরমাণু চুক্তি লঙ্ঘনের ঘটনা সুস্পষ্টভাবে প্রমাণ করেছে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমেরিকার ওপর আস্থা রাখা যায় না।

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রক্ষায় ইরাকের গুরুত্বপূর্ণ ভূমিক রয়েছে উল্লেখ করে জারিফ বলেন, ইরান মনে করে ইরাককে বাদ দিয়ে এ অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০