কাল ইরাক যাচ্ছেন রুহানি: সম্পর্কের নয়া অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিলেন জারিফ
-
পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এবং প্রেসিডেন্ট হাসান রুহানি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, প্রেসিডেন্ট হাসান রুহানির আসন্ন ইরাক সফরের মাধ্যমে তেহরান ও বাগদাদের মধ্যে সম্পর্কের নয়া অধ্যায়ের সূচনা ঘটাবে।
গতকাল (শনিবার) পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জারিফ ইরাকের আল ফুরাত টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎাকরে বলেন, "জনাব রুহানি দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে প্রথমবারের মতো ইরাক সফরে যাচ্ছেন। আমরা এ সফরকে ইরাকের সঙ্গে আন্তরিক এবং উষ্ণ সম্পর্ক তৈরির নতুন সূচনা হিসেবে বিবেচনা করছি।"
জারিফ প্রেসিডেন্ট রুহানির ইরাক সফরের সময় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে নেয়া পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি এ সহযোগিতাকে 'ঐতিহাসিক' হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, যোগাযোগ, তেল, যৌথ শিল্পকারখানা প্রতিষ্ঠা এবং আরবান্দ নদীর খনন কাজে এ নতুন সহযোগিতা গড়ে তোলা হবে।
আগামীকাল সোমবার থেকে ইরাকে তিন দিনের রাষ্ট্রীয় সফর শুরু করবেন প্রেসিডেন্ট রুহানি। শনিবার একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে বাগদাদ পৌঁছেন জারিফ। তিনি ইরান-ইরাক সম্পর্ককে ‘বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন।পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেন, ইরাকে প্রেসিডেন্ট রুহানির সফরের সময় তেহরান প্রতিবেশী দেশগুলোকে বিশেষ বার্তা পাঠাতে চায়। তিনি বলেন, "আমরা ইরাকে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বার্তা পাঠাব।"#
পার্সটুডে/বাবুল আখতার/১০
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন