মার্কিন সন্ত্রাসীদের ধ্বংস করায় আইআরজিসি'র বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় আমেরিকা : ড. রুহানি
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মধ্যপ্রাচ্য থেকে সন্ত্রাসবাদের মূলোৎপাটন করেছে। এখন তারা আইআরজিসি-কে সন্ত্রাসী আখ্যা দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে চায়। আজ (মঙ্গলবার) তেহরানে পরমাণু প্রযুক্তি দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।
রুহানি আমেরিকার উদ্দেশে বলেন, আইআরজিসি-কে সন্ত্রাসী তালিকাভুক্ত করে আপনারা আরেকটি ভুল করলেন। আইআরজিসি'র বিরুদ্ধে আপনাদের পদক্ষেপকে কেউ তোয়াক্কা করে না।
তিনি বলেন, আমেরিকা ভাবছে এই ধরণের পদক্ষেপের মাধ্যমে ইরানে অনৈক সৃষ্টি করা যাবে এবং আইআরজিসি'র জনপ্রিয়তা কমানো যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে আইআরজিসি হচ্ছে ইরানিদের প্রাণের সংগঠন। অতীতের যেকোনো সময়ের চেয়ে আইআরজিসি'র জনপ্রিয়তা এখন বেশি বলে তিনি জানান।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র বিরুদ্ধে মার্কিন শত্রুতা ও ক্ষোভের কারণ হচ্ছে এই বাহিনী মার্কিন সৃষ্ট আইএস (দায়েশ)সহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মধ্যপ্রাচ্যে পরাজিত করতে সক্ষম হয়েছে। মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসীদের মূলোৎপাটন করার কারণে আমেরিকা এই বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় বলে তিনি জানান।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৯