নিজদেশে হেনস্থার ভয়ে ইরানে আসেন নি মার্কিন প্রতিযোগীরা, অংশ নিচ্ছেন ৩ বাংলাদেশি
-
সাইয়্যেদ আব্বাস সালেহি
ইরানে চলমান কুরআন প্রতিযোগিতায় অংশ নেন নি কোনো মার্কিন প্রতিযোগী। মার্কিন নিরাপত্তা বাহিনীর হেনস্তার ভয়ে তারা অংশ গ্রহণ করা থেকে বিরত থেকেছেন এমনকি তারা ইরানের আমন্ত্রণও গ্রহণ করেন নি। ইরানে শুরু হওয়া আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার এক কর্মকর্তা এ কথা বলেছেন রেডিও তেহরানকে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা বুধবার থেকে শুরু হয়েছে। তেহরানের মোসাল্লায়ে ইমাম খোমেনি (রহ)’তে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। ইরানের ইসলামি সংস্কৃতিবিষয়ক মন্ত্রী সাইয়্যেদ আব্বাস সালেহি এই প্রতিযোগিতা উদ্বোধন করেন। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের তিন ছাত্র। এরা হলেন, আল মাহমুদ, আল ইমরান এবং আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকার সঙ্গে অভিভাবক হিসেবে এসেছেন তার বাবা, আমিরুল ইসলাম।
অস্ট্রেলিয়া, ব্রিটেন, রাশিয়াসহ নানা দেশের প্রতিযোগী অংশ নিলেও এতে অংশ নেন নি মার্কিন কোনও প্রতিযোগী। মার্কিন প্রতিযোগীদের আমন্ত্রণ জানানো হয়েছিল ইরানের পক্ষ থেকে কিন্তু পাসপোর্টে ইরানি সিলমোহর থাকলে তাতে পরবর্তীতে মার্কিন নিরাপত্তা বাহিনীর হেনস্থার শিকার হতে হবে।
বিরাজমান এমন ভীতিকর বাস্তবতার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রতিযোগীরা তেহরানের আমন্ত্রণ পর্যন্ত গ্রহণ করেন নি বলে জানিয়েছেন ইরানি কর্তৃপক্ষ। এক প্রশ্নের জবাবে রেডিও তেহরানকে এ কথা জানানো হয়।
এবারের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ১৮৪ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।#
পার্সটুডে/মূসা রেজা/ আশরাফুর রহমান/১১