বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের চিঠি দিয়ে যা জানালেন জাওয়াদ জারিফ
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইরানের একটি নিয়মিত সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠনগুলোর তালিকায় স্থান দিয়ে আমেরিকা যে অন্যায় করেছে তার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সম্পর্কে আমেরিকার ওই পদক্ষেপ সম্পর্কে জানাতে বুধবার বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে একটি চিঠি পাঠান।
চিঠিতে তিনি বলেন, একটি নিয়মিত সেনাবাহিনীকে সন্ত্রাসী আখ্যা দিয়ে আমেরিকা যে বিপজ্জনক উদাহরণ সৃষ্টি করল পরবর্তীতে তার পরিণতি বিশ্বের আরো বহু দেশকে ভোগ করতে হতে পারে। চিঠিতে তিনি আরো বলেন, জাতিসংঘসহ প্রায় সকল আন্তর্জাতিক সংস্থার সদস্য দেশ হিসেবে ইরানের সবরকম বাহিনী পরিচালনার অধিকার রয়েছে। সেই অধিকার খর্ব করে আমেরিকা আন্তর্জাতিক ব্যবস্থাকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দিয়েছে।
মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, হাস্যকরভাবে মার্কিন সরকার এমন একটি বাহিনীকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে যেটি বিগত বছরগুলোতে সিরিয়া ও ইরাক থেকে সন্ত্রাসবাদ নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার চিঠিতে বলেন, আইআরজিসি’কে সন্ত্রাসী আখ্যা দেয়ার মাধ্যমে মার্কিন সরকার তার দেশের জনগণকে ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের ব্যাপারে মানসিকভাবে প্রস্তুত করতে চায়। কাজেই এই গুরুতর অন্যায় কাজের প্রতিবাদ না জানালে মধ্যপ্রাচ্য মারাত্মক অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে তিনি সতর্ক করে দেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮