যে কোনো শত্রুকে পরাজিত করতে পারে ইরান: ড. রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i70099-যে_কোনো_শত্রুকে_পরাজিত_করতে_পারে_ইরান_ড._রুহানি
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ঐক্য, প্রতিরোধ ও আশাবাদের মাধ্যমে ইরান যেকোনো শত্রুকে পরাজিত করতে সক্ষম। আজ (শনিবার) শিক্ষকদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৪, ২০১৯ ১৩:৩৭ Asia/Dhaka
  • ড. হাসান রুহানি
    ড. হাসান রুহানি

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ঐক্য, প্রতিরোধ ও আশাবাদের মাধ্যমে ইরান যেকোনো শত্রুকে পরাজিত করতে সক্ষম। আজ (শনিবার) শিক্ষকদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও হুমকির উদ্দেশ্য সম্পর্কে বলেন, ইরানের ইসলামি বিপ্লবের মূল ভিত্তি স্বাধীনতা।। কিন্তু আমেরিকা স্বাধীন, মহিমান্বিত ও প্রভাবশালী ইরানকে সহ্য করতে পারে না। তিনি বলেন, আমেরিকা তার অশুভ লক্ষ্য বাস্তবায়নের জন্য ইরানের বৈদেশিক মুদ্রা উপার্জন কমাতে চায় কিন্তু ইরান এসব ষড়যন্ত্র মোকাবেলার উপায় ভেবে রেখেছে। 

ইরানের তেল রপ্তানির ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেল বিক্রি অব্যাহত থাকবে। 

ইরানের পরমাণু সমঝোতা যাতে বাস্তবায়িত হতে না পারে সে লক্ষ্যে ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরব ষড়যন্ত্র করছে বলে জানান ড. রুহানি। তিনি বলেন, আমেরিকার বর্তমান সরকার বর্ণবাদী, ইহুদিবাদী ও সৌদি আরবের অর্থ-সম্পদ দিয়ে নানা অপতৎপরতা চালাচ্ছে।

মার্কিন সরকার গত ২২ এপ্রিল ঘোষণা করেছে, আর কোনো দেশকে ইরান থেকে তেল কেনার অনুমতি দেয়া হবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার ফলে বিশ্বে ইরানী তেলের ঘাটতি পূরণ করবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৪