জেরুজালেম আল-কুদস বিক্রয়যোগ্য পণ্য নয়: আরব শাসকদের প্রতি ইরান
https://parstoday.ir/bn/news/iran-i70849-জেরুজালেম_আল_কুদস_বিক্রয়যোগ্য_পণ্য_নয়_আরব_শাসকদের_প্রতি_ইরান
জেরুজালেম আল-কুদসের (বায়তুল মুকাদ্দাস) ওপর দখলদারিত্ব পাকাপোক্ত করার কাজে ইহুদিবাদী ইসরাইলের পক্ষ অবলম্বন করায় আরব শাসকদের তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, অধিকৃত এই পবিত্র ফিলিস্তিনি শহর বিক্রয়যোগ্য কোনো পণ্য নয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০১, ২০১৯ ০০:৪৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

জেরুজালেম আল-কুদসের (বায়তুল মুকাদ্দাস) ওপর দখলদারিত্ব পাকাপোক্ত করার কাজে ইহুদিবাদী ইসরাইলের পক্ষ অবলম্বন করায় আরব শাসকদের তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, অধিকৃত এই পবিত্র ফিলিস্তিনি শহর বিক্রয়যোগ্য কোনো পণ্য নয়।

তিনি শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পেজে প্রকাশিত এক পোস্টে এ মন্তব্য করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদসমৃদ্ধ এই নগরীকে ইহুদিবাদীদের কাছে সমর্পণ করার অধিকার কারো নেই।

টুইটার বার্তায় জারিফ বলেন, “কোনো কোনো আরব শাসক মনে করছেন তারা যদি (ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন) নেতানিয়াহুর তাবেদারি করেন তাহলে তারা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন।” ইরানের শীর্ষ কূটনীতিক আরো বলেন, “ইসরাইলি প্রধানমন্ত্রী তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম থাকা সত্ত্বেও (ফিলিস্তিনি সংগ্রামীদের রকেট হামলা থেকে) ইসরাইলকে রক্ষা করতে পারেননি। তাহলে তিনি কীভাবে আরব শাসকদের রক্ষা করবেন?”

এর আগে বুধবার মোহাম্মাদ জাওয়াদ জারিফ আরেকটি টুইটার বার্তায় বলেছিলেন, জেরুজালেম আল-কুদস ফিলিস্তিনি জনগণের সম্পদ। এটি ইহুদিবাদী ইসরাইল বা আমেরিকার সম্পদ নয় যে তারা এ নগরীর ভবিষ্যত নির্ধারণ করবেন। তিনি বলেন, আল-কুদস যেমন আমেরিকার নয় তাই এটি ইসরাইলকে দিয়ে দেয়ার কোনো অধিকার তার নেই তেমনি এই নগরী ইসরাইলেরও সম্পদ নয় যে, সে জোর করে এর মালিকানা গ্রহণ করবে।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/১