কেউ নির্বোধের মতো ইরানে হামলা চালালে অনুতপ্ত হতে হবে: রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i70988-কেউ_নির্বোধের_মতো_ইরানে_হামলা_চালালে_অনুতপ্ত_হতে_হবে_রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা শক্তিশালী করতে চায় এবং অন্য কোনো দেশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ইচ্ছা তেহরানের নেই। তিনি বুধবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি’র সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৬, ২০১৯ ০১:০০ Asia/Dhaka
  • কেউ নির্বোধের মতো ইরানে হামলা চালালে অনুতপ্ত হতে হবে: রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা শক্তিশালী করতে চায় এবং অন্য কোনো দেশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ইচ্ছা তেহরানের নেই। তিনি বুধবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি’র সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।

প্রেসিডেন্ট রুহানি কাতারের আমিরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ইরান যুদ্ধ না চাইলেও কোনো দেশ যদি নির্বোধের মতো ইরানের বিরুদ্ধে হামলা চালায় তাহলে তেহরানের পাল্টা জবাবে হামলাকারীকে অনুতপ্ত হতে হবে।

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের সামরিক সমাধান নেই- উল্লেখ করে রুহানি বলেন, ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম কর্তৃক কুয়েত দখল, ইয়েমেনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের আগ্রাসন এবং কাতারের ওপর চার আরব দেশের চাপিয়ে দেয়া নিষেধাজ্ঞার সময়গুলোতে ইরানের পক্ষ থেকে গৃহিত নীতি প্রমাণ করে, তেহরান নিষেধাজ্ঞা, চাপ প্রয়োগ ও যুদ্ধের ঘোর বিরোধী।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি 

টেলিফোন সংলাপে ইরানের প্রেসিডেন্ট কাতারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক অন্যরকম উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ ও আরব লীগের সাম্প্রতিক বৈঠকে কাতার যে অবস্থান গ্রহণ করে তাতে মধ্যপ্রাচ্যে সংকট প্রশমনের লক্ষ্যে দোহা যে প্রচেষ্টা চালাচ্ছে তার ইঙ্গিত পাওয়া যায়। প্রেসিডেন্ট রুহানি বলেন, যেকোনো আঞ্চলিক সম্মেলনের মাধ্যমে যদি এ অঞ্চলের দেশগুলোকে পরস্পরের কাছাকাছি আনা না যায় তাহলে সে সম্মেলনের কোনো মূল্য নেই বরং তা ক্ষতিকর।

কাতারের আমিরের সঙ্গে টেলিফোনালাপে ইরান, ইয়েমেন ও কাতারের ব্যাপারে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ভুল নীতি গ্রহণ করেছে বলে জানান প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের এই ব্যবহারের কারণে গোটা মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হবে।

টেলিফোন সংলাপে ইরানের সরকার ও জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি তেহরানের সঙ্গে দোহার সম্পর্ককে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেন। কাতারের ওপর সৌদি আরবের নেতৃত্বাধীন চার আরব দেশের নিষেধাজ্ঞা আরোপের সময়ে কাতারের পক্ষে ইরানের অবস্থান গ্রহণের কথা স্মরণ করেন কাতারের আমির। তিনি এজন্য ইরানের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ইরানের সেই ইতিবাচক ভূমিকার কথা কাতারের সরকার ও জনগণ কোনোদিনও ভুলতে পারবে না। এ কারণে কাতার ইরানের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত শক্তিশালী করতে চায় বলে আলে সানি আশা প্রকাশ করেন।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।