বিধ্বস্ত মার্কিন ড্রোনের ধ্বংসাবশেষ ইরানের পানিসীমা থেকে উদ্ধার
https://parstoday.ir/bn/news/iran-i71369-বিধ্বস্ত_মার্কিন_ড্রোনের_ধ্বংসাবশেষ_ইরানের_পানিসীমা_থেকে_উদ্ধার
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের পানিসীমা থেকে বিধ্বস্ত মার্কিন গোয়েন্দা ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করার খবর দিয়েছেন। তিনি গতরাতে (বৃহস্পতিবার রাতে) এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ২১, ২০১৯ ০১:৪৩ Asia/Dhaka
  • যে স্থানে মার্কিন ড্রোনটিকে গুলি করা হয়েছে সেটিকে হলুদ বিন্দু দিয়েছে চিহ্নিত করেছেন জারিফ
    যে স্থানে মার্কিন ড্রোনটিকে গুলি করা হয়েছে সেটিকে হলুদ বিন্দু দিয়েছে চিহ্নিত করেছেন জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের পানিসীমা থেকে বিধ্বস্ত মার্কিন গোয়েন্দা ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করার খবর দিয়েছেন। তিনি গতরাতে (বৃহস্পতিবার রাতে) এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন।

তিনি লিখেছেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত মার্কিন ড্রোনের ধ্বংসাবশেষ ইরানের পানিসীমা থেকে উদ্ধার করা হয়েছে।

জারিফ মানচিত্র এঁকে দেখিয়ে দিয়েছেন মার্কিন ড্রোনটিকে ইরানের আকাশসীমায় গুলি করা হয়েছে। 

ইরান সময় বৃহস্পতিবার ভোররাতে আইআরজিসি দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের কুহমোবরক এলাকায় ‘গ্লোবাল হক’ মডেলের একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ভূপাতিত করে।

ওয়াশিংটন প্রথমে অস্বীকার করলেও পরে নিজের ড্রোন হারানোর কথা স্বীকার করে। তবে মার্কিন সরকার দাবি করে, ইরান নিজের আকাশসীমায় নয় বরং আন্তর্জাতিক পানিসীমায় মার্কিন ড্রোন ভূপাতিত করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ 

জারিফের টুইটার বার্তায় আরো বলা হয়েছে, মার্কিন ড্রোনটি বৃহস্পতিবার রাত ১২টা ১৪ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের একটি ঘাঁটি থেকে আকাশে উড্ডয়ন করে এবং নিজের শনাক্তকরণ যন্ত্রগুলোকে বন্ধ রেখে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করে।  ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার টুইটার বার্তায় মানচিত্র এঁকে মার্কিন ড্রোনটির গতিপথের বর্ণনা দিয়ে লিখেছেন, এটিকে ইরানের আকাশসীমায় গুলি করা হয়েছে।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২১