ওয়াং ই’র সঙ্গে বৈঠকে জারিফ: ‘চীনের সঙ্গে ইরানের সম্পর্ক কৌশলগত’
https://parstoday.ir/bn/news/iran-i73129-ওয়াং_ই’র_সঙ্গে_বৈঠকে_জারিফ_চীনের_সঙ্গে_ইরানের_সম্পর্ক_কৌশলগত’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ চীনের সঙ্গে তার দেশের সম্পর্ককে সর্বাত্মক ও কৌশলগত বলে বর্ণনা করেছেন। সোমবার বেইজিং-এ চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপারে এ মন্তব্য করেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৭, ২০১৯ ০২:৪৬ Asia/Dhaka
  • সোমবার বেইজিং-এ চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ
    সোমবার বেইজিং-এ চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ চীনের সঙ্গে তার দেশের সম্পর্ককে সর্বাত্মক ও কৌশলগত বলে বর্ণনা করেছেন। সোমবার বেইজিং-এ চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপারে এ মন্তব্য করেন তিনি।

ফ্রান্সের বিয়ারিটজে জি-সেভেন শীর্ষ সম্মেলনস্থলে অপ্রত্যাশিত সফর শেষে তেহরানে ফিরেই জারিফ পূর্ব নির্ধারিত সফরে এশিয়ার তিন দেশের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করেন। সোমবার প্রথম সফরে বেইজিং পৌঁছেই তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

জারিফ চীনের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ প্রয়োগের নিন্দা জানান এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশের হস্তক্ষেপের তীব্র সমালোচনা করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বেইজিং-এর ‘এক চীন’ নীতির প্রতি তেহরানের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাতে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের সঙ্গে তার দেশের সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকার কথা তুলে ধরে বলেন, এই বিশ্ব সংস্থাকে পাশ কাটিয়ে কেউ কোনো পদক্ষেপ নিতে চাইলে তা গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রতিটি পদক্ষেপে চীনের সমর্থন রয়েছে।

পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা প্রসঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই সমঝোতায় ইরানকে যেসব সুবিধা দেয়ার কথা বলা হয়েছে তা তেহরানকে দিতে হবে।

চীন সফর শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাপান ও মালয়েশিয়া সফরে যাবেন বলে কথা রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।