প্যারিসে ইরান ও ফরাসি বিশেষজ্ঞ প্রতিনিধিদলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত
https://parstoday.ir/bn/news/iran-i73336-প্যারিসে_ইরান_ও_ফরাসি_বিশেষজ্ঞ_প্রতিনিধিদলের_মধ্যে_বৈঠক_অনুষ্ঠিত
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে শক্তিশালী করার উপায় নিয়ে ইরান ও ফ্রান্সের বিশেষজ্ঞ প্রতিনিধিদলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে গতকাল (সোমবার) সকাল ও বিকেলে দুই দফা এ বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে ইরানি বিশেষজ্ঞ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০১৯ ০১:৫২ Asia/Dhaka
  • সাইয়্যেদ আব্বাস আরাকচির নেতৃত্বে ইরানি প্রতিনিধিদল ফ্রান্সের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে মিলিত হয়
    সাইয়্যেদ আব্বাস আরাকচির নেতৃত্বে ইরানি প্রতিনিধিদল ফ্রান্সের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে মিলিত হয়

ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে শক্তিশালী করার উপায় নিয়ে ইরান ও ফ্রান্সের বিশেষজ্ঞ প্রতিনিধিদলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে গতকাল (সোমবার) সকাল ও বিকেলে দুই দফা এ বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে ইরানি বিশেষজ্ঞ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।

বৈঠকে ইরান ও ফ্রান্সের প্রেসিডেন্টদের মধ্যে সাম্প্রতিক ধারাবাহিক টেলিফোলাপে যেসব প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে সেগুলোকে বাস্তব রূপ দানের বিষয়টি গুরুত্ব পেয়েছে। পরমাণু সমঝোতাকে শক্তিশালী করার লক্ষ্যে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার টেলিফোনে কথা হয়েছে। 

প্যারিসে অনুষ্ঠিত বৈঠকের একটি সূত্র জানিয়েছে, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ইরানকে যেসব আর্থিক সুবিধা দেয়ার কথা বলা হয়েছে, তেহরান সেগুলি কীভাবে পেতে পারে সোমবারের বৈঠকে সে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। বৈঠক শেষে সিদ্ধান্ত হয়েছে, এসব বিষয়ে দু’পক্ষের মধ্যে ঘনিষ্ঠ আলোচনা বজায় রাখা হবে এবং ইরান ও ফ্রান্সের প্রতিনিধিদল নিজ নিজ দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আরো বেশি আলোচনা করে পরবর্তী বৈঠকে মিলিত হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বের হয়ে যাওয়ার এক বছর পর ২০১৯ সালের ৮ মে তেহরান এই সমঝোতার ২৬ ও ৩৬ নম্বর ধারা মেনে নিজের দেয়া কিছু প্রতিশ্রুত পালন স্থগিত করে। ইউরোপের পক্ষ থেকে এ সমঝোতা রক্ষা করার জন্য ইরানকে অনেকগুলো প্রতিশ্রুতি দেয়া হলেও তার কোনোটিই বাস্তবায়িত না হওয়ায় তেহরান ওই পদক্ষেপ নিতে বাধ্য হয়।

এ পর্যন্ত ইরান দুই দফায় ইউরোপকে ৬০ দিন করে সময় দিয়ে দুই দফা পরমাণু সমঝোতার প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রেখেছে।  প্রথম ও দ্বিতীয় দফায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ও সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের পরিমাণ বাড়িয়েছিল।  ইরানের দেয়া পরবর্তী ৬০ দিন সময়ের মেয়াদ আগামী ৬ সেপ্টেম্বর শেষ হবে। ওই তারিখের আগে ইউরোপ তাদের প্রতিশ্রুতি পূরণ করতে না পারলে ইরান তৃতীয় দফা পদক্ষেপ নেবে এবং এবারের পদক্ষেপ আগের দুই দফার চেয়ে তীব্র হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি। #

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।