‘নবীজির পথে চলতে প্রয়োজনে নিজকে এবং শিশুকে উৎসর্গ করতে দ্বিধা করবো না’
-
সমাবেশে অংশ নেয়া শিশু ও মায়েদের একাংশ
শোকের মাস মহরমের প্রথম শুক্রবার কারবালার সর্ব কনিষ্ঠ শহীদ শিশু হজরত আলী আসগরের সম্মানে ইরানের রাজধানী তেহরানে হুসাইনি শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছোট ছোট শিশু নিয়ে এতে অংশ নেন লাখো মা। তারা বলেছেন, রাসূল (স)’র পথে চলতে গিয়ে প্রয়োজনে নিজকে এবং শিশুকে উৎসর্গ করতে দ্বিধা করবেন না।
‘আসগর সম দেবো বাচ্চারে কোরবান, জালিমের দাদ নিব, দেবো আজ গোর জান!' বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের এ কবিতা বাস্তব হয়ে উঠেছে আজকের ইরানে। এ দিবস উপলক্ষে আজাদি স্টেডিয়ামে অংশ নেয়া সব শিশুকে শহীদ আসগরের প্রতীকী পোষাকে সজ্জিত করা হয়েছে ।
ফিলিস্তিন, কাশ্মীর, ইয়েমেন এবং সিরিয়াসহ বিশ্বের বিভিন্ন স্থানে আজ শিশুর জীবন নিরাপদ নয়। ইহুদিবাদী ইসরাইল, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব এবং সৌদি আরবের মতো পদলেহী শাসককূলের প্রত্যক্ষ-পরোক্ষ মদদে হত্যা এবং সীমাহীন বর্বরতার শিকার হচ্ছে দুনিয়ার শিশুরা। এ অবস্থায় আজ নিজের এবং নিজের শিশুর জীবনের বিনিময়ে সব ঘাতক অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার আবার ব্যক্ত করলেন তেহরানের মায়েরা।
ইমাম হোসেইন (আ)'র পথ নবীজির পথ। সে পথচলাকে নিজেদের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন ইরানের আপামর জনসাধারণ। সে পথ পরিক্রমায় প্রয়োজনে আসগরের মতোই নিজেদের শিশুকে উৎসর্গ করতে দ্বিধা করবেন না, দ্বিধা করবেন না নিজের প্রাণ অকাতরে বিলিয়ে দিতে। আজ দৃঢ়তার সঙ্গে সে প্রত্যয় পুনরায় ঘোষণা করেন তেহরানের মায়েরা।#
পার্সটুডে/মূসা রেজা/৬