নবীবংশের পবিত্র নারী এবং শিশুদের স্মরণে তেহরানে তাজিয়া শোভাযাত্রা
আশুরা বা ১০ মহররমের কারবালার মরুপ্রান্তরে ইয়াজিদি বাহিনীর হাতে শাহাদত বরণ করেন হজরত হোসেইন (আ) এবং তাঁর ৭২ জন পবিত্র সাথী। বন্দি হন নবী পরিবারের সম্মানিত নারী এবং শিশুরা। তার আগে নবী পরিবারের খিমা করা হয়েছে লুট। ধরিয়ে দেয়া হয়েছে আগুন। কারবালা প্রান্তর থেকে তাদের বন্দি করে নিয়ে যাওয়া হয় শাম (সিরিয়ার) পথে।
নবী বংশের এ বন্দিদের স্মরণে তেহরানে প্রতি বছরের ১২ মহররম বের করা হয় তাজিয়া শোভাযাত্রা। নবী বংশের পবিত্র নারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ঐতিহ্যবাহী এ শোভাযাত্রায় তাজিয়া বহন করেন ইরানি নারীরা। তাজিয়া বহনকারী কোনো কোনো নারী ছিলেন পুরোপুরি
খালি পায়ে। ভারি তাজিয়া বহন করে দুই ঘণ্টার ওপর তারা পথ পরিক্রমা করেন। এ ছাড়া, শোক শোভাযাত্রায় ছিল উট এবং ঘোড়ার বহর। আর বিশালাকায় অনেক পতাকা।
রাস্তায় দু’পাশে এ সময় শোকাতুর নারী-পুরুষ এবং শিশু মিলিয়ে বিশাল জনতা ছিলো। তাজিয়া মিছিলে যোগ দিতে অনেকেই হুইল চেয়ারে করেও এসেছেন। রাস্তায় রাস্তায় বিতরণ করা হয়েছে সরবত, পানি এবং খাবার।
পার্সটুডে/মূসা রেজা/১২
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন