মতপার্থক্য নিরসনের প্রয়োজনে সৌদি সফরে যেতে প্রস্তুত ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i74659-মতপার্থক্য_নিরসনের_প্রয়োজনে_সৌদি_সফরে_যেতে_প্রস্তুত_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বিভিন্ন বিষয়ে সৌদি আরবের সঙ্গে তার দেশের মতপার্থক্য নিরসনের লক্ষ্যে আলোচনা করতে প্রয়োজনে রিয়াদ সফরে যেতে নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, ইয়েমেন সংকট সমাধানের ব্যাপারে যেকোনো উদ্যোগকে স্বাগত জানাবে তেহরান। ইরানের সরকার ও জনগণ যেকোনো পরিস্থিতিতে ইয়েমেনের জনগণের পাশে থাকবে বলেও তিনি মন্তব্য করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২২, ২০১৯ ০৩:১১ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বিভিন্ন বিষয়ে সৌদি আরবের সঙ্গে তার দেশের মতপার্থক্য নিরসনের লক্ষ্যে আলোচনা করতে প্রয়োজনে রিয়াদ সফরে যেতে নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, ইয়েমেন সংকট সমাধানের ব্যাপারে যেকোনো উদ্যোগকে স্বাগত জানাবে তেহরান। ইরানের সরকার ও জনগণ যেকোনো পরিস্থিতিতে ইয়েমেনের জনগণের পাশে থাকবে বলেও তিনি মন্তব্য করেছেন।

আরবি সংবাদ সংস্থা আল-মাসিরাকে দেয়া এক সাক্ষাৎকারে জারিফ আরো বলেন, ইয়েমেন সংকট সমাধানের ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একটি উদ্যোগ নিয়েছেন এবং এ ব্যাপারে তার সঙ্গে তেহরানের যোগাযোগ অব্যাহত রয়েছে।

ইরান সফরে এসে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন ইমরান খান

পাক প্রধানমন্ত্রী ইমরান খান গত ১৩ অক্টোবর ইরান সফরে এসে সর্বোচ্চ নেতা  আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ও প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সাক্ষাৎ করেন। এর দু’দিন পর ১‌৫ অক্টোবর তিনি সৌদি আরব সফর করেন। ইরান সফরে এসে ইমরান খান জানান, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে সাহায্য করার লক্ষ্যে তিনি একান্ত ব্যক্তিগত উদ্যোগ তেহরান সফরে এসেছেন এবং ওই একই উদ্দেশ্যে সৌদি আরব সফরে যাবেন।

২০১৫ সালের মার্চ মাসে আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনের নিরীহ জনগণের ওপর ভয়াবহ আগ্রাসন শুরু করে। ইরান ওই অমানবিক আগ্রাসনের বিরোধিতা করে আসছে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনে এ পর্যন্ত প্রায় ১৬ হাজার মানুষ নিহত হয়েছে যাদের মধ্যে কয়েক হাজার নারী ও শিশু রয়েছে। এ ছাড়া, ইয়েমেনের ওপর সৌদি আরবের কঠোর অবরোধের কারণে দেশটির জনগণ খাদ্য ও ওষুধের অভাবে তীব্র কষ্ট পাচ্ছে। #

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।