নিষেধাজ্ঞা এখন আমেরিকার নেশা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i74702-নিষেধাজ্ঞা_এখন_আমেরিকার_নেশা_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, নিষেধাজ্ঞা আরোপ এখন আমেরিকার নেশায় পরিণত হয়েছে। মার্কিন এই নেশার কারণে আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি দুর্বল হয়ে পড়ছে এবং কোটি কোটি মানুষ ও বিশ্ব বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ২৩, ২০১৯ ১৪:২১ Asia/Dhaka
  • জারিফ
    জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, নিষেধাজ্ঞা আরোপ এখন আমেরিকার নেশায় পরিণত হয়েছে। মার্কিন এই নেশার কারণে আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি দুর্বল হয়ে পড়ছে এবং কোটি কোটি মানুষ ও বিশ্ব বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আজ (বুধবার) আজারবাইজানের রাজধানী বাকুতে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমেরিকা ন্যামের সদস্যদেশগুলো এমনকি চীন ও রাশিয়ার মতো বড় দেশগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করছে। আমেরিকার বলদর্পিতার বিরুদ্ধে গোটা বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থানের গুরুত্ব তুলে ধরে বলেন, আন্তর্জাতিক ব্যবস্থাকে দুর্বল করতে আমেরিকা যেসব বিদ্বেষীমূলক তৎপরতা চালাচ্ছে তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিম এশিয়া।

তিনি আরও বলেন, ন্যামের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর একটি হচ্ছে ফিলিস্তিনিদের অধিকার রক্ষা করা। কিন্তু আমেরিকার একপেশে ও ধ্বংসাত্বক নীতির কারণে তাদের অধিকার ভূলুণ্ঠিত হচ্ছে।

একইসঙ্গে তিনি ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন যুদ্ধ ও জুলুমের নিন্দা জানিয়ে বলেন, এর পেছনেও রয়েছে আমেরিকা এবং এই জুলুম ক্রমেই হুমকিপূর্ণ হয়ে উঠছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও অনিরাপত্তা বাড়িয়ে দিচ্ছে। #

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।