মার্কিন জোটে যোগ না দেয়ার জাপানি সিদ্ধান্তকে স্বাগত জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i76104-মার্কিন_জোটে_যোগ_না_দেয়ার_জাপানি_সিদ্ধান্তকে_স্বাগত_জানাল_ইরান
পারস্য উপসাগরের কথিত নিরাপত্তা রক্ষা করার লক্ষ্যে মার্কিন নেতৃত্বে গঠিত সামরিক জোটে যোগ না দেয়ার যে সিদ্ধান্ত জাপান নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি পাঁচ দিনব্যাপী মালয়েশিয়া ও জাপান সফর শেষে গতকাল (শনিবার) তেহরানে ফিরে এক সংবাদ সম্মেলনে তার দেশের ওই সন্তোষের কথা জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২২, ২০১৯ ০৩:৪৮ Asia/Dhaka
  • তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে সাংবাদিক সম্মেনে প্রেসিডেন্ট রুহানি
    তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে সাংবাদিক সম্মেনে প্রেসিডেন্ট রুহানি

পারস্য উপসাগরের কথিত নিরাপত্তা রক্ষা করার লক্ষ্যে মার্কিন নেতৃত্বে গঠিত সামরিক জোটে যোগ না দেয়ার যে সিদ্ধান্ত জাপান নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি পাঁচ দিনব্যাপী মালয়েশিয়া ও জাপান সফর শেষে গতকাল (শনিবার) তেহরানে ফিরে এক সংবাদ সম্মেলনে তার দেশের ওই সন্তোষের কথা জানান।

তিনি বলেন, এশিয়া ও ইউরোপের যেসব বড় দেশ পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানী সংগ্রহ করে তাদের কাছে এই উপসাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

টোকিওতে জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে প্রেসিডেন্ট রুহানি

প্রেসিডেন্ট রুহানি বলেন, তার সঙ্গে সাক্ষাতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষার লক্ষ্যে ইরানের হরমুজ শান্তি পরিকল্পনার প্রতি সমর্থন দিয়েছেন। একইসঙ্গে তিনি মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটে জাপানকে জড়াবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, জাপানের এ দু’টি সিদ্ধান্তকেই তেহরান স্বাগত জানায়।

ইরানের প্রেসিডেন্ট জানান, জাপান মধ্যপ্রাচ্যে পর্যবেক্ষক জাহাজ পাঠাতে আগ্রহী। তবে তারা পারস্য উপসাগর বা হরমুজ প্রণালীতে তাদের জাহাজ পাঠাবে না বরং বাব-আল-মান্দাব প্রণালী ও ওমান সাগরে জাপানি জাহাজ টহল দেবে।

পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষার ব্যাপারে ইরানের পুরনো নীতি পুনর্ব্যক্ত করেন হাসান রুহানি। তিনি বলেন, কোনো বহিঃশক্তি নয় বরং এ অঞ্চলের দেশগুলোই পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।