ইরানের ব্যাপারে নিরপেক্ষ থাকার প্রতিশ্রুতি দিলেন আইএইএ'র নতুন প্রধান
-
রাফায়েল গ্রোসি
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র প্রধান রাফায়েল গ্রোসি এই সংস্থার সদস্য দেশগুলোর জন্য শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তি ব্যবহারে সুযোগ সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
তিনি দৈনিক স্ট্যান্ডার্ড অস্ট্রিয়াকে দেয়া এক সাক্ষাতকারে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রমের ওপর পূর্ণ নজরদারীর কথা উল্লেখ করে বলেছেন, "এই সংস্থা ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে ন্যায়সঙ্গত ও নিরপেক্ষ ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, আমরা অবশ্যই পূর্ব ধারণার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না নিয়ে অর্থাৎ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে যাব। সুষ্ঠুভাবে তদন্তের জন্য এই সংস্থা বর্তমানে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।" তিনি ইরানের ব্যাপারে আইএইএ'র নীতি সম্পর্কে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বলেছেন, "যখন আমি ন্যায়বিচার বা ইনসাফের কথা বলি তখন এর অর্থ হচ্ছে কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না হয়ে বরং নিরপেক্ষভাবে বিষয়টি দেখভাল করা হবে।"
আইএইএ'র নতুন প্রধান রাফায়েল গ্রোসি দায়িত্ব নেয়ার পর তিনি পাশ্চাত্য বিশেষ করে আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে ইরানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন বলে কোনো কোনো মহলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশিত হওয়ার পর তিনি নিরপেক্ষ থাকার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করলেন। এ অবস্থায় ধারণা করা হচ্ছে আইএইএ'র নতুন প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর রাফায়েল গ্রোসি পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। এদিকে তেহরান বহুবার ইরানসহ আইএইএ'র অন্য সদস্য দেশগুলোর শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ব্যাপারে ন্যায়পরায়ণতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। গ্রোসিও তার সাক্ষাতকারে সততা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ অবস্থায় আইএইএ'র নতুন প্রধান আমেরিকার চাপের দ্বারা প্রভাবিত হবেন না এবং পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের পদক্ষেপের ব্যাপারে তিনি নিরপেক্ষ থাকবেন বলে বলে ধারণা করা হচ্ছে। তিনি ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত আইএইএ'র সাবেক প্রধান ইউকিয়া আমানোর রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইরানের ব্যাপারে কঠোরতা অবলম্বন করেছেন। কিন্তু তারপরও তিনি এ সংস্থার প্রধানের দায়িত্ব নেয়ার পর ইরান তাকে নিজের অবস্থানের বিষয়টি তাকে তুলে ধরেছে।
ভিয়েনায় ইরানের প্রতিনিধি কাজেম গারিব আবাদি আইএইএ'র প্রধান হিসেবে রাফায়েল গ্রোসির দায়িত্ব লাভের পর এক প্রতিক্রিয়ায় এই সংস্থার বিচক্ষণতা, স্বাধীনতা ও নিরপেক্ষতার ওপর গুরুত্বারোপ বলে বলেছেন, তেহরান আশা করে এই সংস্থা ও এর কর্মকর্তারা যেকোনো পরিস্থিতিতে আইএইএ'র স্বাধীনতা বজায় রাখবে। তিনি বলেন, পরমাণু সমঝোতা আইএইএ'র নতুন প্রধানের জন্য একটি পরীক্ষা। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৩