জেনারেল সোলাইমানির ছবি সম্প্রচারের মাধ্যমে শুরু হবে ইরানের নয়া স্যাটেলাইটের কার্যক্রম
-
জাফার স্যাটেলাইট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ অযারি জাহরোমি বলেছেন, ইরানের নয়া স্যাটেলাইট 'জাফার' পৃথিবীর কক্ষপথে পৌঁছার পর সর্বপ্রথম জেনারেল কাসেম সোলাইমানির ছবি সম্প্রচার করবে। একইসঙ্গে ইরানিদের চারশ'টি অডিও বার্তা সম্প্রচারিত হবে এই স্যাটেলাইটের মাধ্যমে।
খুব শিগগিরই ইরানের সেমনান প্রদেশ থেকে এই স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হবে। ৯০ কেজি ওজনের জাফার নামের এই কৃত্রিম উপগ্রহে রয়েছে চারটি কালার ক্যামেরা। এসব ক্যামেরা ভূপৃষ্ঠের ছবি ধারণ করে তা সংশ্লিষ্ট বিভাগে পাঠাবে।
গত বছর জানুয়ারিতে ইরানের তৈরি পায়াম স্যাটেলাইটের উৎক্ষেপণ কারিগরী সমস্যার কারণে ব্যর্থ হয়। শেষ পর্যায়ে স্যাটেলাইটটি কক্ষপথে পৌঁছাতে পারেনি। নতুন জাফার স্যাটেলাইটটি আকার ও ওজনের দিক থেকে পায়াম স্যাটেলাইটের মতো হলেও এতে নতুন কিছু বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। জাফার স্যাটেলাইটের ইমেজ রেজ্যুলেশন হচ্ছে ৮০ মিটার।
ইরান ২০০৯ সালে প্রথম উমিদ বা আশা নামের কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায়। ইরানি বিজ্ঞানীরা নিজেরাই এটি তৈরি করেন। এরপর ২০১০ সালে প্রাণীবাহী মহাকাশযান মহাকাশে পাঠায় তেহরান। এ মহাকাশযান পাঠানোর জন্য কাভেশগার বা অভিযাত্রী-৩ নামের রকেট ব্যবহার করা হয়।
এ ছাড়া, ২০১৫ সালে ফজর বা উষা নামে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে ইরান। এটি উঁচুমানের ছবি ধারণ করে পৃথিবীতে পাঠাচ্ছে।#
পার্সটুডে/এসএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।