নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ৮ দেশের চিঠি নজিরবিহীন ঘটনা: ইরান
ইরানের ওপর থেকে আমেরিকার বেআইনি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে ৮ দেশ যে চিঠি দিয়েছে তাকে নজিরবিহীন ও দুর্লভ ঘটনা বলে প্রশংসা করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি শনিবার আইআরআইবি’কে দেয়া এক সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। তিনি বলেন, এসব দেশ বিবেকের দংশনে আমেরিকার একচ্ছত্র আধিপত্য ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। কিন্তু দুঃখজনকভাবে মার্কিন সরকার আমেরিকার অভ্যন্তরীণ আইন আন্তর্জাতিক অঙ্গনে চাপিয়ে দিয়ে ইরানের ওপর নিপীড়নমুলক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।
আমেরিকা বিশেষ উদ্দেশ্যে বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে বলে সাক্ষাৎকারে জানান মুসাভি। যেসব স্বাধীনচেতা দেশ আমেরিকার একচ্ছত্র আধিপত্য মেনে নিতে চায় না সেসব দেশ ভবিষ্যতে ইউনিয়ন গঠন করে ওয়াশিংটনের দাম্ভিক আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সম্প্রতি রাশিয়া, চীন, সিরিয়া, কিউবা, নিকারাগুয়া, উত্তর কোরিয়া, ভেনিজুয়েলা ও ইরান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে একটি চিঠি লিখে ইরানের ওপর থেকে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে, ইরানে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলার স্বার্থে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার একান্ত জরুরি হয়ে পড়েছে।#
পার্সটুডে/এমএমআই/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।