ইরানে অষ্টম দিনের মতো কমল করোনা আক্রান্তের সংখ্যা, কমেছে মৃত্যুর হারও
-
ইরানের কয়েকজন চিকিৎসক বি চিহ্ন দেখাচ্ছেন
ইসলামি প্রজাতন্ত্র ইরানে টানা অষ্টম দিনের মতো করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৮৯ জন। এর আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল দুই হাজার ২৭৪ জন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী- গত ৩১ মার্চ ইরানে করোনায় আক্রান্ত হন তিন হাজার ১১০ জন। এর পর থেকে টানা ৮ দিন আক্রান্তের হার কমেছে। মার্চের ১ তারিখে ২ হাজার ৯৮৮ জন, ২ ও ৩ তারিখে যথাক্রমে দুই হাজার ৮৭৫ ও দুই হাজার ৭১৫ জন আক্রান্ত হন। একই ধারাবাহিকতায় ৪, ৫ ও ৬ মার্চ তারিখেও আক্রান্তের সংখ্যা কমেছে।
আক্রান্তের পাশাপাশি গত চারদিন ধরে ইরানে মৃত্যুর হারও কমেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইরানে মারা গেছেন ১৩৩ জন। গতকাল মারা গিয়েছিলেন ১৩৬ জন। এর আগের দুদিন মারা যান যথাক্রমে ১৫৮ ও ১৫১ জন।
ইরানে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৫৮৯ জন। সুস্থ হয়েছেন ২৭ হাজার ৩৯ জন। আর দুঃখজনকভাবে মারা গেছেন তিন হাজার ৮৭২ জন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।