'মার্কিন নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বাধা সৃষ্টি করছে'
মহামারী করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর লড়াইয়ে লিপ্ত দেশগুলোর ওপর থেকে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা তুলে নিতে আবারো আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি।একই সঙ্গে তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞাগুলো মহামারীর দুর্ভোগ কেবল বাড়িয়েই তুলছে।
মাজিদ তাখতে রাভাঞ্চি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে লেখা এক চিঠিতে এসব মন্তব্য করেন। জাতিসংঘের সংস্থাটি গ্লোবাল সলিডারিটি টু ফাইট দি করোনাভাইরাস ডিজিস ২০১৯ (কোভিড-১৯) শীর্ষক একটি খসড়া প্রস্তাব পাসের একদিন পর রাভাঞ্চি এ চিঠি লেখেন।
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার পর নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো পাস হওয়া খসড়া প্রস্তাবে এ ভাইরাসকে পরাজিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানানো হয়েছে। করোনার প্রাদুর্ভাব বিশ্ব সমাজ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ভয়াবহ সংকট সৃষ্টি করছে বলেও প্রস্তাব উল্লেখ করা হয়েছে।
মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা দেশগুলোরর জন্য করোনা মোকাবেলা করা বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করায় রাভাঞ্চি তার চিঠিতে এসব নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র ক্ষোভ এবং নিন্দা প্রকাশ করেন। তিনি আরো বলেন, এসব বেআইনি একতরফা নিষেধজ্ঞা কেবল করোনাভাইরাস বিস্তারে সহায়তা করছে এবং এর বিরুদ্ধে পুরো বিশ্বের প্রচেষ্টার পথে বাধা সৃষ্টি করছে।
পার্সটুডে/এমবিএ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।