‘আমেরিকা এখনো পরমাণু চুক্তিতে আছে বলে দাবি করা শ্রেষ্ঠ কৌতুক’
-
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি
আমেরিকা ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করার জন্য যে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে তাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের পরিপন্থি বলে মন্তব্য করেছে তেহরান। ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুমোদন করে ওই প্রস্তাবটি পাস হয়েছিল।
পরমাণু সমঝোতা অনুযায়ী ইরানের ওপর আরোপিত জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা আগামী ১৭ অক্টোবর স্বয়ক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাবে বলে কথা রয়েছে। কিন্তু এ ঘটনা যাতে ঘটতে না পারে সেজন্য আমেরিকা একটি কুচক্রি পরিকল্পনা করেছে বলে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস খবর দিয়েছে।
দৈনিকটি জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানাবেন যে, আমেরিকা আইনগত দিক দিয়ে এখনো পরমাণু সমঝোতা স্বাক্ষরকারী একটি দেশ এবং তার পক্ষে এই সমঝোতার একটি ধারা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার আবেদন জানানো সম্ভব।
এ সম্পর্কে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, আমেরিকা এখনো পরমাণু সমঝোতার অংশ বলে দাবি করা ইতিহাসের শ্রেষ্ঠ কৌতুক। তিনি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে আরো বলেন, আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে কার্যত নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবও লঙ্ঘন করেছে। তিনি বলেন, ওই প্রস্তাব অনুযায়ী আগামী অক্টোবরে ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে এবং এর বিপরীত কিছু করার চেষ্টা করা হবে ওই প্রস্তাবের সম্পূর্ণ পরিপন্থি কাজ।তিনি এ ধরনের ঔদ্ধত্বপূর্ণ কাজ ঠেকিয়ে দিতে নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতি আহ্বান জানান।#
পার্সটুডে/এমএমআই/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।