একবার আলোচিত বিষয় নিয়ে আরেকবার কথা বলে না ইরান: জারিফ
-
আমেরিকার একটি থিংক ট্যাংকে ভিডিও লিংকের মাধ্যমে বক্তব্য দেন জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, একবার যে বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে তা নিয়ে আরেকবার আলোচনা করে না ইরান। তিনি পাশ্চাত্যের সঙ্গে দীর্ঘ আলোচনার পর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা লঙ্ঘনের জন্য আমেরিকাকে দায়ী করেছেন।
তিনি সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমেরিকান কাউন্সিল অন ফরেন রিলেশন্স থিংক ট্যাংকে দেয়া বক্তব্যে একথা জানান। জারিফ বলেন, ইরান সব সময় আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসেছে এবং এখন পর্যন্ত কোনো দেশের ওপর আগ্রাসন চালায়নি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা একের পর এক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আন্তর্জাতিক সমাজকে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রেখেছে।
সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করায় ইরান একঘরে হয়ে পড়েছে কিনা- থিংক ট্যাংকের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে জারিফ বলেন, ইসরাইলের সঙ্গে আরব আমিরাত ও বাহরাইন বহু বছর ধরে গোপনে সম্পর্ক রক্ষা করেছে এবং সম্প্রতি সে সম্পর্ককে আনুষ্ঠানিকতা দেয়া হয়েছে মাত্র। তিনি বলেন, কোন দেশ একঘরে হয়ে পড়েছে তা দেখার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দিকে নজর দিন।
দৃশ্যত ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করার মার্কিন প্রচেষ্টার কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ ইঙ্গিত দিয়েছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ডোমিনিকান রিপাবলিক ছাড়া বাকি ১৩ দেশ আমেরিকার ওই প্রচেষ্টা আটকে দিয়েছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকাই একঘরে হয়ে পড়েছে।#
পার্সটুডে/এমএমআই/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।