দায়িত্ব পালনে সৌদি অনীহা: হজ বর্জনে বাধ্য হতে পারে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i8413-দায়িত্ব_পালনে_সৌদি_অনীহা_হজ_বর্জনে_বাধ্য_হতে_পারে_ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি আরব সঠিকভাবে দায়িত্ব পালন না করায় পবিত্র হজ অনুষ্ঠান বর্জনে তেহরান বাধ্য হতে পারে। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় নগরী তাবরিজে এ কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবেরি-আনসারি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৪, ২০১৬ ০৩:৫৯ Asia/Dhaka
  • দায়িত্ব পালনে সৌদি অনীহা: হজ বর্জনে বাধ্য হতে পারে ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি আরব সঠিকভাবে দায়িত্ব পালন না করায় পবিত্র হজ অনুষ্ঠান বর্জনে তেহরান বাধ্য হতে পারে। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় নগরী তাবরিজে এ কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবেরি-আনসারি।

তিনি বলেন, পবিত্র হজের সঙ্গে রাজনৈতিক বিবাদের সম্পর্ক নেই বলে সৌদি আরব দাবি করে থাকে। কিন্তু সৌদি কথা ও কাজে বিশাল ফারাক রয়েছে বলে জানান তিনি।

হাজিদের নিরাপত্তা এবং স্বাস্থ্য সংক্রান্ত দায়িত্ব স্বাগতিক সরকার হিসেবে যদি সৌদি আরব পালন করে তবেই কেবল হজে যাওয়া যাবে আর তা না হলে পবিত্র হজে যেতে ইরানিরা পারবেন না বলে জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার ইরানের হজ সংস্থার প্রধান সাঈদ ওহাদি বলেছেন, চলতি বছরে ইরানি হজযাত্রীদের পাঠানোর নিয়ে আলোচনায় সাড়া না দেয়া সৌদি আরব অব্যাহত রেখেছে।

ইরানি হজযাত্রীদের নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করতে ২০ দফা প্রস্তাব সৌদি আরবকে দেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ইরানি প্রতিনিধিদের প্রস্তাবের পরিষ্কার ভাষায় জবাব দেয়ার কথা থাকলেও দীর্ঘ সময় পার হওয়ার পরও এখনো এ বিষয়ে কোনো জবাব দেয় নি সৌদি আরব।

গত বছর হজের সময়ে মিনায় পায়ের নিচে চাপা পড়ে হজযাত্রীদের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পরও রিয়াদের নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে। গত বছরের ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে কঠোর সমালোচনার মুখে পড়ে সৌদি আরব। গত বছর মিনায় ৪৬০ ইরানি হাজিসহ প্রায় ৪৭০০ হাজি নিহত হয়েছেন। এ ঘটনায় ৭৭০ জন মারা গেছে বলে দাবি করছে সৌদি আরব।#

মূসা রেজা/৪