ইরানে করোনা পরিস্থিতিতে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে জোরদার হচ্ছে আন্তর্জাতিক দাবি
যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি গ্রহণ করে। এমনকি করোনা পরিস্থিতিতেও তারা অমানবিক নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে। এ কারণে ইরানের ওপর থেকে মার্কিন একতরফা নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার জন্য আন্তর্জাতিক দাবি ক্রমেই জোরদার হচ্ছে।
চীন ও ৭৭ জাতি গ্রুপ এক বিবৃতিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেছে, এ নিষেধাজ্ঞার ফলে কেবল ইরানের সাধারণ মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ৪৪তম বার্ষিক বৈঠক শেষে ৭৭ জাতি গ্রুপ ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই যৌথ বিবৃতিতে আরো বলা হয়েছে, তারা ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা মানে না কেননা এতে ওই দেশটির জনগণ উন্নয়ন ও জরুরি পরিসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
পর্যবেক্ষকরা বলছেন, বিশ্বের বহুসংখ্যক দেশ ৭৭ জাতি গ্রুপের সদস্য হওয়ায় তাদের বিবৃতি থেকে ইরান বিরোধী নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজের ইতিবাচক অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। তাদের বাইরেও এ পর্যন্ত বিশ্বের আরো বহু দেশ ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার দাবি জানিয়েছে। উদাহরণ স্বরূপ চীন, রাশিয়া, কিউবা, নিকারাগুয়া, উত্তর কোরিয়া ও ভেনিজুয়েলার কথা উল্লেখ করা যায় যারাকিনা গত মার্চ মাসে জাতিসংঘ মহাসচিব অ্যন্থেনিও গুতেরেসের কাছে লেখা এক যৌথ চিঠিতে ইরানের বিরুদ্ধে একতরফা মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছিলেন যাতে ইরান করোনা ভাইরাস মোকাবেলা করতে পারে।
এমনকি ইরানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভেতরেও একই দাবি উঠেছে। মার্কিন নিষেধাজ্ঞায় ইরানে করোনা মোকাবেলা বাধাগ্রস্ত হওয়ায় আন্তর্জাতিক সমাজ থেকে প্রতিবাদ ক্রমেই জোরদার হওয়ায় মার্কিন কংগ্রেসের ৩০ জনের বেশি সদস্য ইরান বিরোধী নিষেধাজ্ঞা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। মার্কিন আইন প্রণেতারা এক চিঠিতে করোনা পরিস্থিতির কারণে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা স্থগিত রাখার আহ্বান জানিয়ে লিখেছে, ইরানে করোনা পরিস্থিতির আরো অবনতি ঘটলে শুধু ওই দেশটির জনগণই নয় একইসঙ্গে আমেরিকাসহ সারা বিশ্বের মানুষের জন্য তা হুমকি সৃষ্টি করবে। চিঠিতে ইরানের বেসামরিক শিল্প ও প্রতিষ্ঠান, ব্যাংক, তেল রপ্তানিসহ অর্থনীতির অন্যান্য খাতে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে যাতে দেশটি করোনা মোকাবেলা করতে পারে।
এ ছাড়া আমেরিকার আরো ২৫টি সংস্থা প্রেসিডেন্ট ট্রাম্প ও দেশটির অর্থ মন্ত্রণালয়ের কাছে লেখা চিঠিতে করোনা পরিস্থিতিতে ইরান বিরোধী নিষেধাজ্ঞা পুনর্মূল্যায়ন করার আহ্বান জানিয়েছে।
কিন্তু এতো আহ্বান সত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন নতুন আরো নিষেধাজ্ঞা চাপিয়ে তার বিদ্বেষ চরিতার্থ করার চেষ্টা করছেন। এসব নিষেধাজ্ঞার মাধ্যমে বিশ্বের সব দেশ ও কোম্পানিকে ইরান থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছেন ট্রাম্প। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৪