ইরান জাতীয় নিরাপত্তা ইস্যুতে কারো সঙ্গে কথা বলবে না: মুখপাত্র
https://parstoday.ir/bn/news/iran-i85163-ইরান_জাতীয়_নিরাপত্তা_ইস্যুতে_কারো_সঙ্গে_কথা_বলবে_না_মুখপাত্র
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদেহ বলেছেন, পরমাণু সমঝোতায় কোনো পরিবর্তন হবে না, এ নিয়ে কোনো আলোচনাও করবে না তেহরান। জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস’র এ সংক্রান্ত এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৭, ২০২০ ১৩:৩৯ Asia/Dhaka
  • খাতিবযাদেহ
    খাতিবযাদেহ

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদেহ বলেছেন, পরমাণু সমঝোতায় কোনো পরিবর্তন হবে না, এ নিয়ে কোনো আলোচনাও করবে না তেহরান। জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস’র এ সংক্রান্ত এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

তিনি আজ (সোমবার) তেহরানে সাংবাদিকদের বলেন, পরামাণু সমঝোতায় ইরানের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা হয়ে গেছে এবং এই সমঝোতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর ইশতেহারে উল্লেখ করা হয়েছে। এখানে আর কোনো পরিবর্তন করা হবে না।

খাতিবযাদেহ আরও বলেন, যে বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে তা নিয়ে আবারও আলোচনায় বসবে না তেহরান। জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস সম্প্রতি বলেছেন, পরমাণু সমঝোতার বাইরেও ইরানের সঙ্গে একটি সমঝোতার প্রয়োজন রয়েছে যা ইউরোপের স্বার্থ নিশ্চিত করবে।  মার্কিন যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে সুর মিলিয়ে তিনে এ কথা বলেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ইউরোপের উচিত তার অবস্থান, সক্ষমতা এবং সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে কথা বলা উচিত।

তিনি বলেন, ইউরোপ নিজেও পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি পালন করেনি। তিনি বলেন, ইরান জাতীয় নিরাপত্তা নিয়ে কোন ধরনের আলোচনায় যাবে না এবং কোনো ধরণের আপোষ করবে না।

তিনি বলেন, ইরান তার অধিকার এবং দায়িত্ব সম্পর্কে পুরোপুরি সচেতন এবং ইরান অন্য পক্ষকে তাদের অধিকার ও দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে কোন কাজ হয়নি, অন্য কোনো পদ্ধতিও কাজে আসবে না।#