করোনার টিকাদান কর্মসূচি শুরু করলো ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানে আজ (মঙ্গলবার) থেকে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। প্রেসিডেন্ট ড. হাসান রুহানির নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয় এই কার্যক্রম শুরু করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের খাদ্য ও ওষুধ সংস্থার মুখপাত্র কিয়ানুশ জাহানপুর বলেছেন, প্রথম পর্যায়ে দৈনিক এক হাজার ব্যক্তিকে করোনার টিকা দেওয়া হবে। এরপর ক্রমান্বয়ে বাড়িয়ে চাহিদার ভিত্তিতে টিকা দেওয়া হবে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে জানিয়েছে, যারা টিকা নেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে তাদের একটা তালিকা তৈরি হয়েছে। সে অনুযায়ী টিকা দেওয়া হবে। প্রথমেই ডাক্তার ও নার্সসহ স্বাস্থ্যকর্মীরা টিকা পাবেন।
তবে যারা একবার করোনায় আক্রান্ত হয়েছেন তাদের আপাতত টিকা নেওয়ার প্রয়োজন নেই বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এর আগে বলেছেন, ভাইরাস থেকে রক্ষা পাওয়ার প্রথম পদক্ষেপ হলো প্রতিরোধ। আমরা পারস্পরিক সহযোগিতায় করোনা মোকাবেলা করতে পারব। আরেকটি উপায় হলো ভ্যাকসিন (টিকা)। সাধারণ নিয়মে টিকার তৈরি হতে এক-দুই বছর লাগে। কিন্তু যেহেতু করোনাভাইরাসে মৃত্যু অনেক বেশি এবং এই ভাইরাস অসংখ্য সমস্যার জন্ম দিচ্ছে। এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে।
গত বৃহস্পতিবার রাশিয়া থেকে করোনার টিকা ‘স্পুতনিক-ভি’ ইরানে এসে পৌঁছেছে। মস্কোর সঙ্গে তেহরান এ সংক্রান্ত যে চুক্তি করেছে তাতে ইরানেই যৌথভাবে টিকা তৈরির কথা বলা হয়েছে।#
পার্সটুডে/এসএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।