ইরানের বকেয়া অর্থ তুর্কি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে চায় ভারত
ইরানের তেল ক্রয় বাবদ বকেয়া অর্থ তুরস্কের হলব্যাংক'র মাধ্যমে পরিশোধ করার উদ্যোগ নিয়েছে ভারত। বকেয়া এ অর্থের পরিমাণ ৬৪০ কোটি ডলার বলে জানা গেছে। অবশ্য ভারত ইরানকে এ অর্থ ইউরো’র মাধ্যমে পরিশোধ করবে। তেহরানে ভারতের রাষ্ট্রদূত সৌরভ কুমারের বরাত দিয়ে এ খবর দেয়া হয়েছে।
মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞা বজায় থাকায় নয়া দিল্লি তেল ক্রয় বাবদ আগের বকেয়া তেহরানকে পরিশোধ করতে পারে নি। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে চূড়ান্ত পরমাণু সমঝোতার পরিপ্রেক্ষিতে জানুয়ারি মাসে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এরপর মার্চে ভারতের তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তেহরান সফরের সময় অর্থ পরিশোধ সংক্রান্ত জটিলতার অবসান ঘটে।
চীনের পরই ইরান থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করে ভারত। এ ছাড়া ইরানের জ্বালানি প্রকল্পগুলোতে বিনিয়োগের উৎসাহ দেখিয়েছে ভারত।#
মূসা রেজা/১৫