সৌদি আরব ও ইউরোপীয় দেশগুলোর অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i98348-সৌদি_আরব_ও_ইউরোপীয়_দেশগুলোর_অভিযোগ_প্রত্যাখ্যান_করল_ইরান
ইরানের পরমাণু সমঝোতা সম্পর্কে কিছু ইউরোপীয় দেশ ও সৌদি আরব যে অভিযোগ তুলেছে তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান।ইরান বলেছে, যখন আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেআইনিভাবে বেরিয়ে গেছে এবং ইউরোপীয় দেশগুলো এটি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে তখনও একমাত্র যে দেশটি এই সমঝোতা বাস্তবায়ন করেছে সেটি ইরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৮, ২০২১ ০৬:১৮ Asia/Dhaka
  • জাতিসংঘে ইরানের স্থায়ী দপ্তরের কাউন্সিলর হায়দার আলী বালুজি
    জাতিসংঘে ইরানের স্থায়ী দপ্তরের কাউন্সিলর হায়দার আলী বালুজি

ইরানের পরমাণু সমঝোতা সম্পর্কে কিছু ইউরোপীয় দেশ ও সৌদি আরব যে অভিযোগ তুলেছে তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান।ইরান বলেছে, যখন আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেআইনিভাবে বেরিয়ে গেছে এবং ইউরোপীয় দেশগুলো এটি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে তখনও একমাত্র যে দেশটি এই সমঝোতা বাস্তবায়ন করেছে সেটি ইরান।

জাতিসংঘে ইরানের স্থায়ী দপ্তরের কাউন্সিলর হায়দার আলী বালুজি বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ফার্স্ট কমিটিতে দেয়া বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, তার দেশের ওপর থেকে সকল অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেই কেবল ইরান পরমাণু সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।

ইরানের এই সিনিয়র কূটনীতিক বলেন, আন্তর্জাতিক আইনের প্রতি পরিপূর্ণ সম্মান প্রদর্শন করে তার দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালিত হচ্ছে এবং এটি ইরানের অকাট্য অধিকার। এ বিষয়ে কথা বলার অধিকার কারো নেই।

বালুজি বলেন, ইউরোপীয় দেশগুলোকে যেমন নিজেদেরকে পরমাণু সমঝোতা মেনে চলতে হবে তেমনি এটি বাস্তবায়নে বাধ্য করার জন্য আমেরিকার ওপর চাপ প্রয়োগ করতে হবে। তিনি আরো বলেন, পরমাণু  সমঝোতা অর্জনের আলোচনার সময় সৌদি আরব ও ইহুদিবাদী ইসরাইল ওই সমঝোতা যাতে অর্জিত না হয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে যা আন্তর্জাতিক আইনের পরিপন্থি।

তিন ইউরোপীয় দেশ ও সৌদি আরব সম্প্রতি অভিযোগ করে, ইরান পরমাণু সমঝোতা না মেনে লাগামহীনভাবে নিজের পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এছাড়া, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে এসব দেশ গোটা বিশ্বের জন্য বিপজ্জনক আখ্যায়িত করে দাবি করেছে, ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।