পরমাণু ইস্যু ইতোমধ্যেই মীমাংসিত
'ভিয়েনা আলোচনায় গুরুত্ব পাবে মার্কিন নিষেধাজ্ঞা'
-
আলী বাকেরি কানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানি বলেছেন, ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতার মাধ্যমে তেহরানের পরমাণু ইস্যু মীমাংসা হয়ে গেছে। এখন ভিয়েনা সংলাপে শুধু পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি গুরুত্ব পাবে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা বা আইআরআইবিকে দেয়া এক সাক্ষাৎকারে আজ (বুধবার) আলী বাকেরি কানি একথা বলেছেন। ভিয়েনা আলোচনা যেখানে শেষ হয়েছিল সেখান থেকে আবার শুরু করতে হবে বলে ফ্রান্স মন্তব্য করার একদিন পর আলী বাকেরি এই বক্তব্য দিলেন।
গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে টেলিফোন আলাপে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্য ইভস লা দ্রিয়া বলেছেন গত ২০ জুন ইরান যেখানে আলোচনা সমাপ্ত করেছিল আবার সেখান থেকে শুরু করতে হবে। দ্রুত পরমাণু সমঝোতায় ফিরতে হলে এই পদক্ষেপ নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
জবাবে আলী বাকেরি কানি বলেছেন, "পরমাণু ইস্যুতে আমাদের কোনো আলোচনা নেই কারণ ২০১৫ সালে পরমানু সমঝোতার মধ্যদিয়ে তা শেষ হয়েছে। তিনি বলেন, "আমরা এই মুহূর্তে যে বিষয়টির মুখোমুখি রয়েছি তা হচ্ছে পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ। ফলে ভিয়েনায় আসন্ন আলোচনায় আমেরিকা কিভাবে পরমাণু সমঝোতায় ফিরে আসবে এবং ইরানের ওপর থেকে কতটা দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে তা নিয়েই মূলত আলোচনা হবে।"
আগামী ২৯ নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠী সংলাপে বসবে। পাঁচ জাঁতি গোষ্ঠীতে রয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং চীন।#
পার্সটুডে/এসআইবি/১০