রেডিও তেহরানের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে মূল্যায়ন ও দৃষ্টি আকর্ষণী
মহোদয়, আসসালামু আলাইকুম। সবাই কুশলে আছেন নিশ্চয়। আমরাও আপনাদের দোয়ায় একপ্রকার আছি। আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা। একদিন আপনাদের অনুষ্ঠানের সংস্পর্শ না পেলে আমার মনটা খুব ভারী হয়।
বিশেষ করে যেদিন অনুষ্ঠান পেতে দেরি হয় সেদিন খুব ব্যস্ত হয়ে পড়ি। একবার ইউটিউব, একবার রেডিও, একবার ফেসবুক লাইভে অনুষ্ঠান খোঁজার চেষ্টা করি। তখন অনুষ্ঠান খুঁজে পাবার যে একাগ্রতা, আগ্রহ, আবিস্কারের যে নেশা সেটা দেখে বোঝা যায় আমি অনুষ্ঠানকে কতটা ভালোবাসি। এ এক দারুণ অনুভূতি!
সার্বিক বিচারে রেডিওতে অনুষ্ঠানের রিসিপশন মান বেশ ভালো। ফেসবুক লাইভে ও ভালো তবে মাঝে মাঝে একটু সাউণ্ড কম হয়। ইদানীং আমার কাছে ফেসবুক লাইভ থেকে কোনো নোটিফিকেশন আসে না। তাইতো রেডিওতে না পেলে কারো শেয়ার করা অনুষ্ঠান থেকে অনুষ্ঠান শুনে নিই। শুরু থেকে কিছুক্ষণ পরপর অনুষ্ঠান শোনা যায় না নেট প্রবলেমের কারণে। অনুষ্ঠানের শ্রোতা সংখ্যা বৃদ্ধি পেলেও প্রিয়জন গ্রুপটি তেমনভাবে প্রাণোচ্ছল হচ্ছে না। এ ব্যাপারে এডমিনদের দৃষ্টি আকর্ষণ করছি।
গত ২০-০৭-২২ এর স্বাস্থ্য কথা অনুষ্ঠানে ডা. মোবাশ্বের হাসান মাসুমের সাক্ষাৎকার ও আলোচনা শুনলাম। রেকর্ডকৃত অংশটি এত দুর্বল ছিল যে, সব অনুষ্ঠান ভালোভাবে বুঝতে পারিনি।
কথাবার্তা অনুষ্ঠানে সিরাজুল ইসলাম সাহেবের বিশ্লেষণ অত্যন্ত চমৎকার। আন্তর্জাতিক ও বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ওনার আলোচনা ও বিশ্লেষণ শ্রোতাবান্ধব ও সমসাময়িক। ‘গল্প ও প্রবাদের গল্প’ এবং রংধনু অনুষ্ঠানটি অতুলনীয়। তাছাড়া, এ দুটি অনুষ্ঠানের বিষয়বস্তু নির্বাচন ও যথেষ্ট আকর্ষণীয় হয় বলে আমি মনে করি।
প্রিয়জন অনুষ্ঠানে মাঝেমধ্যে ভয়েস মেইল নতুন মাত্রা যোগ করে অনুষ্ঠানকে আরো বিকশিত করছে। সর্বোপরি ‘জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান’ শীর্ষক ধারাবাহিকের কথা না লিখলে অনুষ্ঠানটিকে ছোট করা হবে। বিশেষ করে বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।
সবশেষে বলব- আপনাদের সব জীবনঘনিষ্ঠ অনুষ্ঠান আমার কাছে অত্যন্ত প্রিয়। আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মত যবনিকাপাত করছি। ধন্যবাদ।
নজরুল ইসলাম
সভাপতি, বন্ধন অ্যান্ড লাকি শ্রোতা সংঘ
মহেশপুর, ঝিনাইদহ, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২১